প্রযোজকের বিরুদ্ধে মিথ্যা ‘যৌন হেনস্থা’র অভিযোগ, সত্যি স্বীকার করতেই শিল্পাকে কটাক্ষ হিনার
দিনকয়েক ধরেই আলোচনায় অভিনেত্রী শিল্পা শিন্ডে। টেলিদুনিয়ার অন্যতম জনপ্রিয় মুখ তিনি। ‘অঙ্গুরি ভাবি’ নামেই সর্বাধিক পরিচিত। সম্প্রতি, ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার পডকাস্টে এসে শিল্পা জানান, ‘ভাবিজি ঘর পর হ্যায়’-এর প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে তিনি যে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন, তা সত্যি নয়। তাঁর দাবি, সেই সময়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে তাঁর সামনে আর কোনও পথ খোলা ছিল না। অভিনেত্রীর এ হেন মন্তব্যে রীতিমতো নিন্দার ঝড়। রীতিমতো বিরক্তি উগরে দিয়েছেন হিনা খানও।
শিল্পা জানান, বছরের পর বছর ধরে মানুষ তাঁকে নিয়ে নানা ধারণা তৈরি করেছে। কেউ তাঁকে পাগল বলেছেন, কেউ আবার তাঁর সিদ্ধান্তকে বোকামি বলে মনে করেছেন। কিন্তু তাঁর মতে, জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় একটি সফল শো ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়ার জন্যও সাহস লাগে।
কোন পরিস্থিতিতে এমন কাণ্ড ঘটাতে বাধ্য হয়েছিলেন শিল্পা? তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘কারও কমেন্ট আমি সাধারণত পড়ি না। মানুষ আসলে নিজে যেটা বুঝতে চায়, সেটাই বোঝে। আমি নিজের বিবেকের সামনে দাঁড়াতে চাই। কারণ, ওই ঘটনা একেবারেই মিথ্যে ছিল। আমাকে কেউ বলতে বাধ্য করেনি। কিন্তু আমি সেই মিথ্যা নিয়ে বেঁচে থাকতে পারিনি। একদিন না একদিন সত্যিটা আমাকে বলতেই হত।’
প্রযোজকের সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে বাধ্য হয়েছিলেন বলে দাবি শিল্পার। তবে যে পরিস্থিতিই আসুক না কেন, এমন মিথ্যে কি সত্যিই কারও সম্পর্কে বলা যায়? শিল্পার নিন্দা করে হিনা বলেন, ‘যে প্রযোজকের নামে এমন অভিযোগ উঠেছিল, তাঁর পরিবারের কী অবস্থা হয়েছিল ভেবে দেখেছেন কখনও। কারও সম্পর্কে এমন রটানো একেবারেই ঠিক নয়।’