অপু-দুর্গার আম কুড়োনো থেকে মোদীর ‘মন কি বাত’: হিমসাগরের দীর্ঘ পথচলা
আমের মুকুল ধরা থেকে আম পাকা এবং তার পরে দুধ-মিষ্টি সহযোগে তা উদরস্থ করা পর্যন্ত একটা টাইমফ্রেম রয়েছে। সেটাকে মাস দিয়ে ভাগ করে দিয়েছিলেন খনা। ‘মাঘে বোল, ফাগুনে গুটি, চৈত্রে কাটাকুটি, বৈশাখে আঁটি, জৈষ্ঠে দুধের বাটি।’ যেন সেই প্রবচন মেনে এই সময়ে বাজারে আসে হিমসাগর। মাখনের মতো ত্বক, পাতলা খোসা। গায়ের রংটাও খাসা, হালকা সবুজ। গড় ওজন ২৫০ থেকে ৩৫০ গ্রাম। এ বারও মালদা ও মুর্শিদাবাদে প্রচুর হিমসাগর হয়েছে। নবাবের রাজ্যের লালবাগ, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ থেকে শুরু করে ভগীরথীর দুই পাড়ের বিস্তীর্ণ অঞ্চল, আবার সীমান্তঘেঁষা মালদার ইংরেজবাজার, কালিয়াচক, মানিকচক—চারদিকে শুধু হিমসাগরের ঘোর লাগা মিষ্টি গন্ধ। বাতাসেও যেন জলীয় ভাব বেশি। আমের রস মিশে আছে যে।