অনুপ্রবেশ ইস্যু গুরুত্ব পাবে বিএসএফ–বিজিবি বৈঠকে?
এই সময়, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে নতুন সরকার তৈরি হওয়ার পরে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ করার উপরে জোর দিয়েছে। ইতিমধ্যে মুর্শিদাবাদের পদ্মা ভবনের ‘হোল্ডিং সেন্টারে’ রাখা ১৭ জন বাংলাদেশি নাগরিককে ও–পারে পুশ ব্যাক করা হয়েছে বলে প্রশাসনিক মহলের খবর। গত সপ্তাহে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, অন্তত ২৬৮০ জন বাংলাদেশি নাগরিকের তালিকা যাচাইয়ের জন্য ঢাকাকে পাঠানো হয়েছে। সেই নথি যাতে দ্রুত যাচাই হয়, সে ব্যাপারেও আশা প্রকাশ করেছিল ভারত সরকার। এই আবহে আগামী ৮ জুন দিল্লিতে ভারত–বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি–র মধ্যে বৈঠক হতে চলেছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি অনুপ্রবেশের বিষয়টিও এই বৈঠকে গুরুত্ব পেতে পারে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর।