Trump-Putin Meeting: পুতিনের সঙ্গে বৈঠকের আগেই 'ভয়ঙ্কর পরিণতি'র কথা বললেন ট্রাম্প! কীসের ইঙ্গিত দিলেন? - Bengali News | US President Donald Trump Warns of Severe Consequence if Russia Don't Stop Ukraine War after Alaska Meeting - 24 Ghanta Bangla News
Home

Trump-Putin Meeting: পুতিনের সঙ্গে বৈঠকের আগেই ‘ভয়ঙ্কর পরিণতি’র কথা বললেন ট্রাম্প! কীসের ইঙ্গিত দিলেন? – Bengali News | US President Donald Trump Warns of Severe Consequence if Russia Don’t Stop Ukraine War after Alaska Meeting

Spread the love

ওয়াশিংটন: পুতিন যুদ্ধ না থামালে ভয়ঙ্কর পরিণতি হবে, হুঙ্কার ট্রাম্পের। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসার আগেই, যুদ্ধ না থামালে পরিণতি কী হবে, তা শুনিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কোন দিকে মোড় নেবে দুই দেশের সম্পর্ক?

চলতি সপ্তাহের শুক্রবার আলাস্কায় মুখোমুখি আলোচনায় বসার কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আলোচনা হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে। ট্রাম্প চান, এবার যুদ্ধ থামাক রাশিয়া। ইউক্রেনে আগ্রাসনের বিরোধিতা করে আগেই চাপিয়েছিলেন নানা নিষেধাজ্ঞা। এবার আরও ভয়ঙ্কর শাস্তির কথা বললেন ট্রাম্প।

পুতিনের সঙ্গে বৈঠকের আগে বুধবার ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রনেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন ট্রাম্প। সেখানেই তিনি বলেন যে শুক্রবারের সামিটের পরও যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ না থামান, তবে ভয়ঙ্কর পরিণতি হবে।

যেন-তেন প্রকারেই হোক, রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, এ কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। তিনি বলেন যে বৈঠকে ট্রাম্প জানিয়েছেন, দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে যে সমস্যা রয়েছে, সে সংক্রান্ত আলোচনা, সিদ্ধান্ত একমাত্র ইউক্রেনের প্রেসিডেন্টই নেবেন। শুক্রবারের বৈঠকের পর ট্রাম্প রাশিয়া, আমেরিকা ও ইউক্রেনের মধ্যে ত্রীপাক্ষিক বৈঠকের প্রস্তাবও দেবেন।

ওই বৈঠকেই আবার ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিও। তিনি সকলকে বলেন যে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগে পুতিন চাপ বাড়ানোর চেষ্টা করছেন। ইউক্রেন দখল করে নেওয়ার ক্ষমতা রাখে তাঁর দেশ, এই বার্তা দিতে চাইছেন।

জ়েলেনস্কির দাবি, আমেরিকা সহ বিভিন্ন দেশের নিষেধাজ্ঞায় রাশিয়ার কিছু যায়-আসে না, এ কথা বলে পুতিন সকলকে বোকা বানানোর চেষ্টা করছেন। জ়েলেনস্কি বলেন, “পুতিন এমন আচরণ করছেন যেন এই নিষেধাজ্ঞায় তার কিছু যায়-আসে না। কিন্তু বাস্তবে নিষেধাজ্ঞা খুবই কার্যকর। রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে বড় ধাক্কা দিচ্ছে।

প্রসঙ্গত, বুধবারের ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে যোগ দেওয়ার আগেই জ়েলেনস্কি বলেছেন যে রাশিয়ার যুদ্ধ থামাতে চাওয়ার আগ্রহের কোনও চিহ্ন নেই। ট্রাম্প যেন বৈঠকে রাশিয়ার উপরে চাপ সৃষ্টি করে তাদের যুদ্ধ থামাতে বাধ্য করে, এ কথাই বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *