ভারতই ‘হোম’ আফগানদের, সেপ্টেম্বরে নতুন চ্যালেঞ্জের মুখে ঈশান-হার্দিকরা
জুন মাসের ৬ তারিখ থেকে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে নামবে টিম ইন্ডিয়া। টেস্ট শেষ হলেই ODI সিরিজ়ে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। শেষ হচ্ছে না এখানেই। ভারতকেই এ বার, ‘হোম’ বানাতে চলেছে আফগানিস্তান। এর আগে কোনওদিন ভারতের বিরুদ্ধে সিরিজ় আয়োজন করেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এ বার পাল্টাতে চলেছে ইতিহাস। সেপ্টেম্বর মাসে আফগানদের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ় খেলবেন ঈশান কিষান, হার্দিক পান্ডিয়ারা। আর ভারতেই আয়োজিত হবে ম্যাচগুলি। শুনতে অবাক লাগলেও, ঘরের মাঠেই অ্যাওয়ে ম্যাচ খেলবে ভারত। কী ভাবে?
ভারতই ‘হোম’ আফগানদের
ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সঙ্গে দারুণ সম্পর্ক আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (ACB)। নিজেদের দেশে রাজনৈতিক পরিস্থিতি ও টালমাটাল অবস্থার কারণে সিরিজ় আয়োজন করতে পারছে না ACB। তাই ভারতীয় ক্রিকেট বোর্ডকে তারা বিশেষ অনুরোধ জানায়। আয়োজনের সমস্ত দায়িত্ব নিলেও ভারতের মাটিতে খেলা হবে ম্যাচগুলি, এমনটাই চেয়েছিল আফগান বোর্ড। সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে BCCI। এই নিয়ে মুখ খুলেছেন বোর্ডের এক কর্তা।
PTI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘BCCI ও ACB-র সম্পর্ক খুব ভালো। আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, জ়িম্বাবোয়ের মতো ক্রিকেট বোর্ডগুলিকে সাহায্য করেছে বিসিসিআই। ভারতীয় দলকে সেখানে সিরিজ় খেলতে পাঠিয়েছে যাতে আর্থিক ভাবে লাভবান হয় ওই দেশের ক্রিকেট বোর্ড। BCCI ও ACB-র মধ্যেও এই নিয়ে আলোচনা হয়েছে। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।’
তিনি আরও জানান, দিল্লি ক্রিকেট সংস্থার (DDCA) সঙ্গে আফগান বোর্ডের চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা নিয়েছে BCCI। এই সিরিজ়ের জন্য দিল্লিকেই ঘরের মাঠ বানাতে চায় আফগানরা। সেই অনুযায়ী দিল্লি প্রিমিয়ার লিগের সূচি সাজাচ্ছে DDCA।
কবে খেলা হবে এই সিরিজ়?
সম্ভাব্য সূচি অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে ভারত। তিনটি ম্যাচই খেলা হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। সেপ্টেম্বরের ১৩, ১৫ ও ১৯ তারিখ খেলা হতে পারে ম্যাচগুলি। এই ঐতিহাসিক সিরিজ নিয়েই এখন চর্চা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।