WB Minister: ফিজিক্সে এমএসসি, একসময়ের ‘হেড স্যর’ হচ্ছেন শুভেন্দু সরকারের মন্ত্রী | MLA of Kanthi Arup Kumar Das to be minister of West Bengal
কাঁথি: সোমবার গঠিত হয়েছে রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। এদিন ৩৫ জন বিধায়ক মন্ত্রী, স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন। সেই তালিকায় রয়েছেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপকুমার দাস। তিনি রাজ্যের নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। স্থানীয় বিধায়কের মন্ত্রিসভায় স্থান পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত কাঁথিবাসী।
জানা গিয়েছে, অরূপ কাঁথি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি পদার্থবিদ্যায় স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি প্রাপ্ত। শিক্ষক জীবনে তাঁর কর্ম ও শিক্ষা ক্ষেত্রে তাঁর বিশেষ সুনাম এবং পরিচিতি ছিল। তবে এর আগে অরূপ দাস সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও রাজনীতি-মনস্ক মানুষ ছিলেন।
২০২১ সালে তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন। ওই বছরই দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে দাঁড়িয়ে তিনি প্রথমবার বিধায়ক হিসেবে নির্বাচিত হন। পরে অরূপ কুমার দাস কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতিও ছিলেন। কাঁথি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরূপ এলাকার কাউন্সিলর হিসেবেও একসময় কাজ করেছেন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি দ্বিতীয় বারের জন্য দক্ষিণ কাঁথি থেকে বিধায়ক হিসেবে জয়যুক্ত হন তিনি। এরপরই তিনি রাজ্যের নতুন বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তবে এই জেলায় শুধু দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস নয়, শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন আরও তিন বিধায়ক, ভগবানপুরের বিধায়ক শান্তনু প্রামাণিক, ময়নার বিধায়ক অশোক দিন্দা ও তমলুকের বিধায়ক ও চিকিৎসক হরেকৃষ্ণ বেরা।