Lionel Messi: বিপদের হাত থেকে মুক্তি, অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলেন ‘মেসি’ | Lionel Messi Statue Removed from Kolkata Lake Town After Safety Concerns
কলকাতা: লেকটাউনের ব্যস্ত রাস্তা। তার মাঝেই মেসির বিশাল মূর্তি। এতদিন ঠিক এই ছবিটা দেখতেই অভ্যস্ত ছিলেন লেকটাউনবাসী। তবে, এবার থেকে আর ওয়ার্ল্ড কাপ হাতে মেসিকে দেখা যাবে না। অবশেষে লেকটাউন থেকে সরানো হল মেসির বিশালাকার মূর্তি। দিন কয়েক আগেই দেখা গিয়েছিল, দমকা হাওয়ায় রীতিমতো দুলছে মেসি। খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। আতঙ্কে ঘুম উড়েছিল লেকটাউনবাসীর। মেসি মূর্তি সরতেই অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলেন এলাকাবাসী। হাঁফ ছেড়ে বাঁচলেন বোধহয় মেসি নিজেও।
সম্প্রতি, দেখা যায়, হাওয়া রীতিমতো দুলছে মেসির ওই মূর্তি। তারপরই পূর্ত দফতরের তরফ থেকে মূর্তিটিকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। মূর্তির পিছনের দিকের রাস্তা ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি, মূর্তির সামনে, মাঠের অংশকেও বাঁশের ব্যারিকেড করা হয়। তবে, কীভাবে ওই মূর্তিকে সরানো হবে সেই নিয়ে জল্পনা চলছিল।