FIR Against Sushanta Ghosh: বড় ফেঁসে গেলেন সুশান্ত ঘোষ! FIR হল আনন্দপুর থানায় | FIR Filed Against TMC Councillor Sushanta Ghosh Over Extortion Allegations in Kolkata
তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষImage Credit: TV9 Bangla
কলকাতা: কয়েকদিন আগেই গ্রেফতার হয়েছেন কলকাতা পৌরনিগমের ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে। এবার বিপাকে পড়লেন কলকাতা পৌরনিগমের ‘প্রভাবশালী’ তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল এই কাউন্সিলরের বিরুদ্ধে এবার দায়ের হল এফআইআর। ব্যবসায়ীদের তরফে করা অভিযোগের ভিত্তিতে তোলাবাজি-সহ একাধিক ধারায় FIR দায়ের করেছে আনন্দপুর থানা।
পুলিশ সূত্রে খবর, রুবি মোড় সংলগ্ন ব্যবসায়ী সমিতির তরফে শ্যামল সর্দার দিন কয়েক আগেই সুশান্ত ঘোষ এবং তাঁর কয়েকজন ঘনিষ্ঠর নামে লিখিত অভিযোগ দায়ের করেন আনন্দপুর থানায়। অভিযোগে, ২০২২-২৩ সালে এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের থেকে জোর করে টাকা নেওয়ার অভিযোগ আনা হয় সুশান্ত ঘোষ এবং তাঁর বেশ কয়েকজন ঘনিষ্ঠদের বিরুদ্ধে। অভিযোগে জানানো হয়, এলকার বিভিন্ন ব্যবসায়ীদের থেকে প্রায় দুই থেকে তিন কোটি টাকা নেওয়া হয়। ব্যবসায়ীদের তরফে করা অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করে তদন্ত শুরু করল পুলিশ।
সূত্রে খবর, কাউন্সিলর সুশান্ত ঘোষ ছাড়াও সুজিত কুমার ওরফে বচ্চন, গোপাল মল্লিক , পিন্টু সুর, বিকাশ পাসোয়ান-সহ কয়েকজনের নাম রয়েছে এফআইআর-এ। ভয় দেখিয়ে টাকা আদায়, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় এফআইআর দায়ের হয়েছে।
২০২৪ সালের নভেম্বরে কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় শোরগোল পড়েছিল। কসবায় নিজের বাড়ির সামনে বসে থাকার সময় সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতী। ভাগ্য জোরে রক্ষা পান তৃণমূল এই কাউন্সিলর। কিন্তু, কেন তাঁর উপর হামলা চালানো হল, তা নিয়ে শোরগোল পড়েছিল। এবার রাজ্যে পালাবদলের পর সেই সুশান্ত ঘোষের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ দায়ের হল। পুলিশ এখন কী পদক্ষেপ করে, সেটাই দেখার।