সরছে অবৈধ পার্কিং, বসছে পুলিশ চৌকি, সুপার স্পেশালিটি হবে হাওড়া জেলা হাসপাতাল
বর্তমানে হাসপাতালের মূল ভবনের মেরামতির কাজ চলছে। পাশাপাশি, অন্যান্য ভবন এবং পরিষেবা ক্ষেত্রগুলিরও আধুনিকীকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, পর্যায়ক্রমে হাসপাতালকে সুপার স্পেশালিটি স্তরে উন্নীত করা হলে, হাওড়ার মানুষকে আর উন্নত চিকিৎসার জন্য কলকাতার বড় হাসপাতালের উপরে এতটা নির্ভর করতে হবে না। নিরাপত্তা প্রশ্নটিও বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি শালিমারের তোলাবাজি-কাণ্ডে আহত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হলে, অভিযোগ ওঠে যে, বাইরের কিছু দুষ্কৃতী হাসপাতাল চত্বরে ঢুকে তাঁকে খুনের চেষ্টা করে। ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। শুধু এই ঘটনাই নয়, অতীতেও হাসপাতাল চত্বরে শ্লীলতাহানি, দুষ্কৃতী কার্যকলাপ, রোগী ও পরিজনদের সঙ্গে অভব্য আচরণ এবং বহিরাগতদের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, হাসপাতাল চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা চালু করা অত্যন্ত জরুরি ছিল। নতুন পুলিশ চৌকি চালু হলে, হাসপাতালের পরিবেশ অনেকটাই নিয়ন্ত্রিত হবে। বহিরাগতদের অবাধ প্রবেশ রোধ করা গেলে, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।