শুরু হল অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপ, কোন লিঙ্কে যাবেন? রইল গাইড
কলকাতা: অফলাইনের পর এবার অনলাইন। জল্পনা ও জট কাটিয়ে আজ থেকেই চালু হয়ে গেল ‘অন্নপূর্ণা যোজনা’র ডিজিটাল আবেদন প্রক্রিয়া। আগামী ৩ মাস বা ৯০ দিন পর্যন্ত এই পোর্টালে …
কলকাতা: অফলাইনের পর এবার অনলাইন। জল্পনা ও জট কাটিয়ে আজ থেকেই চালু হয়ে গেল ‘অন্নপূর্ণা যোজনা’র ডিজিটাল আবেদন প্রক্রিয়া। আগামী ৩ মাস বা ৯০ দিন পর্যন্ত এই পোর্টালে ফর্ম জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে। তবে ১২ পাতার এই দীর্ঘ ফর্মে পরিবারের খুঁটিনাটি তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমি-জায়গার পরিমাপ থেকে শুরু করে সন্তানের টিকাকরণের খতিয়ান চাওয়া নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া সংশয় ও ক্ষোভ দূর করতে আবারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোন লিঙ্কে গিয়ে এবং কীভাবে অতি সহজে এই আবেদন সারবেন, তার সম্পূর্ণ ‘স্টেপ-বাই-স্টেপ’ গাইডলাইন নিচে দেওয়া হল-
পোর্টাল নির্বাচন: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে উপভোক্তাদের প্রথমেই রাজ্য সরকারের নির্দিষ্ট ‘সোশ্যাল সিকিউরিটি পোর্টাল’-এ যেতে হবে। এর অফিশিয়াল লিঙ্কটি হল- https://socialsecurity.wb.gov.in/। সরকার এই উইন্ডোটির নাম দিয়েছে ‘অন্নপূর্ণা যোজনা পোর্টাল’।
এই পোর্টালে প্রবেশ করলেই আবেদনকারীরা নিজেদের সুবিধাজনক ভাষা (বাংলা বা ইংরেজি) বেছে নিয়ে মূল আবেদনপত্র বা ফর্মটি ডাউনলোড করতে পারবেন। ফর্ম ডাউনলোডের পর পোর্টালে আবেদনকারীর সচল মোবাইল নম্বর দিয়ে নাম নথিভুক্ত বা রেজিস্টার করতে হবে।
নির্দিষ্ট নিয়ম মেনে ১২ পাতার ফর্মটি নির্ভুলভাবে পূরণ করার পর, সেটিকে স্ক্যান করে আবার এই পোর্টাল বা ওয়েবসাইটেই আপলোড করতে হবে। ফর্মের পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত নথিপত্রও স্ক্যান করে ডিজিটাল মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময় হাতের কাছে কোন কোন ডকুমেন্ট রাখবেন?
অনলাইনে তথ্য আপলোড করার সময় যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য নিচের নথিপত্রগুলি আগে থেকেই গুছিয়ে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে৷ আধার কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, ব্যাঙ্কের পাসবই ও অ্যাকাউন্টের যাবতীয় তথ্য৷ এছাড়াও রাখুন বসবাসের ঠিকানার প্রমাণপত্র (যেমন- সাম্প্রতিক বিদ্যুৎ বিল বা জলের বিল) ও আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি৷
“গুজবে কান দেবেন না, সরকারি প্রতিনিধি যাবে বাড়ি বাড়ি”
জমির পরিমাণ কিংবা সন্তানের স্কুলের খুঁটিনাটি ফর্মে উল্লেখ করার নিয়ম নিয়ে উপভোক্তাদের একাংশের মধ্যে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানিয়েছেন, এই ফর্ম পূরণকে কেন্দ্র করে ছড়ানো কোনও গুজবে কান দেওয়ার দরকার নেই। যাঁরা অনলাইনে বা নিজে থেকে ফর্ম পূরণ করতে পারবেন না, তাঁদের চিন্তার কোনও কারণ নেই। প্রত্যেক যোগ্য আবেদনকারীর সুবিধার্থে সরকারি প্রতিনিধিরা নির্দিষ্ট সময় মেনে বাড়ি বাড়ি যাবেন এবং ফর্ম পূরণ করিয়ে দেওয়ার পুরো দায়িত্ব নেবেন।