WB Cabinet Ministry: সোমবারই রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, কে কে মন্ত্রী হতে পারেন, দেখে নিন তালিকা | West Bengal Cabinet Expansion Likely on Monday, BJP Government May Induct 33 Ministers, Key Leaders in Contention
স্বপন দাশগুপ্ত, রুপা ও রুদ্রনীলImage Credit: Tv9 Bangla
পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহার রিপোর্ট
কলকাতা: বাংলায় নতুন সরকার গঠনের এক মাস হতে চলল। তবে, এখনও পূর্ণাঙ্গ মন্ত্রিসভা (WB Cabinet Ministry) গঠন হয়নি। এর আগে শুধুমাত্র ৫ জন মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), অগ্নিমিত্রা পল (Agnimitra Paul),নিশীথ প্রামাণিক (Nisith Pramanik), অশোক কীর্তনিয়া (Ashok Kirtania) ও ক্ষুদিরাম টুডু (Khudiram Tudu)। বাকি মন্ত্রীর পদ ফাঁকাই ছিল এতদিন। তবে, অবশেষে মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জট কাটতে চলেছে। আগামিকাল অর্থাৎ সোমবারই রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে বলে সূত্রে খবর।
৩৩ জনের রাজ্য মন্ত্রিসভা
বিজেপি সূত্রে খবর, মোট ৩৩ জনের মন্ত্রিসভা গঠন হতে পারে। নতুন মন্ত্রীদের সম্ভাব্য তালিকায় একাধিক নাম ঘোরাফেরা করছে। গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদ পেতে পারেন স্বপন দাশগুপ্ত। বিজেপির বর্ষীয়ান নেতা। রাসবিহারী থেকে জিতে বিধায়ক হয়েছেন। রাজনৈতিক মহল বলছে, তাঁকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। এদিকে, ইতিমধ্যেই তাঁকে শিক্ষা দফতর দেখভালের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে, স্বপন দাশগুপ্তকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহল।
সম্ভাব্য মন্ত্রী তালিকা
তাপস রায়কেও মন্ত্রিত্ব দেওয়া হতে পারে। এবার, মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ। নতুন সরকার গঠনের পর প্রোটেম স্পিকারের দায়িত্ব সামলেছেন তিনি। নতুন স্পিকার নির্বাচন না হওয়া পর্যন্ত বিধানসভার কার্যক্রম পরিচালনা করেন তিনি। নতুন বিধায়কদের শপথবাক্যও পাঠ করিয়েছেন। বিজেপি সূত্রে খবর, এবার তাঁকে মন্ত্রিত্বের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে।
এছাড়াও সম্ভাব্য মন্ত্রিসভার তালিকায় রয়েছেন শঙ্কর ঘোষ, রুদ্রনীল ঘোষ, শারদ্বত টুডু, প্রণত টুডু, রুপা গঙ্গোপাধ্যায়,কল্যাণ চক্রবর্তী, চন্দনা বাউড়ি, জগন্নাথ চট্টোপাধ্যায়, অশোক দিন্দা ও সুব্রত মৈত্র।
উল্লেখ্য, এখনও পর্যন্ত পাঁচ দফতরের দায়িত্ব বন্টন করা হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর এবং প্রাণীসম্পদ উন্নয়ন দফতর এবং কৃষি বিপণন দফতরের মন্ত্রী হয়েছেন দিলীপ ঘোষ৷ অগ্নিমিত্রা পালকে নারী ও শিশুকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী করা হয়েছে। এদিকে, উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়া দফতরের দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক৷ খাদ্য দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে অশোক কীর্তনীয়াকে ৷ অনগ্রসর শ্রেণি কল্যাণ, সংখ্যালঘু বিষয়ক দফতরের মন্ত্রী হয়েছেন ক্ষুদিরাম টুডু৷