Petrol-Diesel: পেট্রোল-ডিজ়েলের রফতানি শুল্ক কমাল কেন্দ্র, আবারও কি দাম বাড়বে? | Petrol Diesel Prices Rise Again: Centre Cuts Export Duty, Major Fuel Policy Changes From June 1
নয়া দিল্লি: পশ্চিম এশিয়ার যুদ্ধ আবহে বেড়েই চলেছে পেট্রোল-ডিজ়েলের দাম। ১০ দিনে চারবার দাম বেড়েছে জ্বালানির। ধাপে ধাপে দাম বাড়ানো হচ্ছে। কখনও ৩ টাকা দাম বেড়েছে, কখনো ৯০ পয়সা, কখনও আবার ২ টাকা। সব মিলিয়ে ১০ দিনে প্রতি লিটার পেট্রোল-ডিজ়েলের দাম (Petrol-Diesel Price) ৭ টাকা বেড়েছে। এই দাম আরও বাড়তে পারে বলে খবর। বিশ্ববাজারে তেল সংস্থাগুলির ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। তারই প্রভাব পড়ছে পেট্রোল-ডিজ়েলের উপর। এই আবহেই জ্বালানি (Petrol-Diesel News) নিয়ে বড় খবর সামনে এসেছে। পেট্রোল-ডিজ়েল নিয়ে নয়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ১ জুন থেকে বড় বদল আসতে চলেছে।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, পেট্রোল-ডিজ়েলের উপর রফতানি শুল্ক (Export Duty) কমানো হবে। এভিয়েশন টারবাইন ফুয়েল অর্থাৎ এটিএফ-এর ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের তরফে বলা হয়েছে, পেট্রোলের ক্ষেত্রে রফতানি শুল্ক কমিয়ে প্রতি লিটারে ১.৫ টাকা করা হয়েছে। ডিজেলের উপর প্রতি লিটারে ১৩.৫ টাকা কমানো হয়েছে। অন্যদিকে, এটিএফ-এর ক্ষেত্রে প্রতি লিটারে ৯.৫ টাকা রফতানি শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে।
শুল্ক কমানো হলে কি জ্বালানির দামে প্রভাব পড়ে?
পেট্রোল-ডিজ়েলের রফতানি শুল্ক কমলে জ্বালানির দামে সেভাবে কোনও প্রভাব পড়ে না। অর্থাৎ, রফতানি শুল্ক কমলে পেট্রোল-ডিজ়েলের দাম কমেও না বা বাড়েও না। এটিএফ-এর রফতানি শুল্ক কমার ফলে বিমানের টিকিটের দামেও প্রভাব পড়ে না।
এদিকে, এলপিজি নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দেশে তেলের ভাণ্ডার তৈরির প্রচেষ্টা করা হচ্ছে। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাঁরা কৌশলগত মজুত (Strategic Reserve) তৈরির বিষয়ে কাজ করছি। তেল বিপণন সংস্থাগুলিকে অন্তত ৩০ দিনের এলপিজি মজুত রাখার পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে।