Madan Mitra: মদন মিত্রের বাড়িতে এবার পুলিশের হানা! চলত বেআইনি কাজকর্ম? | Police Raid TMC MLA Madan Mitra Residence, Documents Seized From Uday Villa
কামারহাটি: বিধায়ক মদন মিত্রের বাড়িতে পুলিশের হানা। রবিবার দুপুর নাগাদই তাঁর কামারহাটির বাড়িতে পৌঁছে যান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। পুলিশি হানার বিষয়ে মদন মিত্র নিজেই জানিয়েছেন। তবে, কী কারণে বাড়িতে হানা দেওয়া হয়েছে, সেই বিষয়ে তিনি কিছু জানাননি। তবে, পুলিশ সূত্রে খবর, মদনের বিরুদ্ধে বেআইনিভাবে বাড়ি গড়ে তোলার অভিযোগ উঠেছে। এদিকে, গতকালই অভিষেকের উপর হামলার প্রতিবাদে মিছিল করেছিলেন বিধায়ক মদন মিত্র। সেইসময়ই পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তার মধ্যেই মদন মিত্রের বাড়িতে পুলিশের হানা নিয়ে তার জেরেই পুলিশের এই অ্যাকশন বলে মনে করছে রাজনৈতিক মহল।
পুলিশ যে বাড়িতে হানা দিয়েছে, তার নাম উদয় ভিলা। ওই ভিলাটি মূলত, মহিলা কো-অপারেটিভ সোসাইটি ছিল। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ওই জায়গা। বেশ কয়েক বছর ওই ভিলাটি বন্ধ ছিল। পরে ২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর ওই ভিলাটি মদন মিত্র বেআইনিভাবে দখল নেয় বলে অভিযোগ। ভিলাতে প্রায়ই যাতায়াত করতেন মদন। মাঝে মাঝে ওই ভিলাতে গিয়ে থাকতেনও। অভিযোগ, মদনের বেশ কয়েকজন অনুগামী ওই ভিলার মধ্যে বেআইনি কাজকর্ম চালাতেন বলে অভিযোগ।
গতকালই বিজেপির পক্ষ থেকে উদয় ভিলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে বেলঘরিয়া থানায় দারস্থ হন কর্মীরা। তারপরই আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সাউথ দ্রুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে বেলঘরিয়া ও কামারহাটি থানার পুলিশ অভিযান চালায়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, ঘর তালাবন্ধ ছিল। তালাভেঙে ভিতর ঢোকে পুলিশ। তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করা হয়।