স্বাক্ষর এক্সপোর্ট-চুক্তি, ভিয়েতনামকে ব্রহ্মোস বিক্রি নয়াদিল্লি
এই সময়: এ বার ভারতের ব্রহ্মোস মিশাইল সিস্টেম পৌঁছতে চলেছে ভিয়েতনামের হাতে। ইতিমধ্যেই ভারত থেকে ওই সুপারসনিক মিশাইল কেনার জন্য নয়াদিল্লির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে হানয়। শনিবার এ বিষয়ে নিশ্চিত করলেন দেশের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভিয়েতনামের সঙ্গে এক্সপোর্ট-এর চুক্তি ইতিমধ্যেই স্বাক্ষর হয়ে গিয়েছে। অন্য দিকে, ইন্দোনেশিয়ার সঙ্গেও একই রকমের ব্রহ্মোস চুক্তির কাজ চূড়ান্ত পর্যায় রয়েছে।
প্রতিরক্ষা সচিবের কথায়, ‘আসিয়ান দেশগুলির প্রতি ভারতের দায়বদ্ধতা রয়েছে। আমরা প্রতিটি দেশকে বন্ধু হিসেবে দেখি। সেই জন্য আমরা নিজেদের প্রতিরক্ষা সংক্রান্ত প্রযুক্তি তাঁদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি।’ উল্লেখ্য, আশিয়ান-এর মধ্যে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপিন্স-সহ মোট ১১টি দেশ রয়েছে।
২০২২ সালে ফিলিপিন্সের সঙ্গে ভারতের ব্রহ্মোস প্রযুক্তি নিয়ে চুক্তি হয়েছিল। সেই সময়ে চুক্তির অঙ্ক ছিল ৩.৫ হাজার কোটি টাকা। তবে ভিয়েতনামের সঙ্গে ব্রহ্মোস টেকনোলজির জন্য ভারতের কত টাকার চুক্তি হয়েছে, তা শনিবার সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি। রয়টার্স-এর রিপোর্টে দাবি, ৬,০০০ কোটি টাকার বিনিময়ে হানয়কে সুপারসনিক মিশাইলের প্রযুক্তি বিক্রি করেছে নয়াদিল্লি।
প্রসঙ্গত, ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন এবং রাশিয়ার মাশিনস্ত্রোয়া যৌথ উদ্যোগে তৈরি হয়েছে সুপারসনিক মিশাইলটি। ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা নদীর নাম মিলিয়েই মিশাইলটির নাম রাখা হয় ব্রহ্মোস।