‘প্রকৃত সত্য তুলে ধরা হয়নি’, রাষ্ট্রপুঞ্জের জুলাই রিপোর্টকে চ্যালেঞ্জ করে চিঠি হাসিনার
হাসিনার আইনজীবী চিঠিটিতে লিখেছেন, ‘ভুল বা অতিরঞ্জিত হতাহতের সংখ্যা ব্যবহার করে একটি নির্দিষ্ট রাজনৈতিক ভাষ্যকে প্রতিষ্ঠিত করার চেষ্টা হয়েছে। হাসিনা সরকারকে বেআইনি ও হিংসাত্মক উপায়ে উৎখাত করাকে বৈধতা দিতেই এমন ভুল তথ্য ছড়ানো হয়েছে।’ হাসিনার আইনি দল তাদের যুক্তির পক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে গত বছরের ১৫ জানুয়ারি প্রকাশিত ‘অফিশিয়াল গেজেট’-এর তথ্য তুলে ধরেছে। ওই গেজেটে গণঅভ্যুত্থানে নিহত মোট ৮৩৪ জনের তালিকা প্রকাশ করা হয়েছিল, যা রাষ্ট্রপুঞ্জের রিপোর্টের প্রায় অর্ধেক। এ দিকে, গেজেটে প্রকাশিত তালিকার অনেক মৃত্যুর তথ্যই যে ভুয়ো, ইতিমধ্যেই তা প্রমাণিত হয়েছে। হাসিনার চিঠিতে তাই বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব হিসেবে নিহতের সংখ্যা ছিল ৬৫০। স্বাধীন ও নিরপেক্ষ ভাবে সুষ্ঠু তদন্ত করা হলে প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়েও অনেক কম হবে।’