জনসংখ্যা নিয়ন্ত্রণে হোক পদক্ষেপ, আর্জি শমীকের
পশ্চিমবঙ্গে জন্মনিয়ন্ত্রণ করার প্রশ্নে আগাগোড়াই সরব বিজেপি। বিরোধী শিবিরে থাকাকালীন এ বিষয়ে তাদের বহু সভা–সমিতিও করতে দেখা গিয়েছে। বাংলার মসনদ দখলের পরে বিজেপি যে জন্মনিয়ন্ত্রণ ইস্যুতে ফোকাস করবে, তা এক রকম স্পষ্টই ছিল। শনিবার সরকারি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শমীক যে ভাবে জন্মনিয়ন্ত্রণের প্রয়োজনীতার কথা এবং তার তাৎপর্য ব্যাখ্যা করেছেন তাতে স্পষ্ট, বাংলায় খুব দ্রুত পরিবার পরিকল্পনা বাধ্যতামূলক করতে চাইছে বিজেপি। শমীক এ দিন বলেন, ‘সুস্থ ও স্বাভাবিক সমাজে পরিবার পরিকল্পনা বাধ্যতামূলক করা যায় কি না, সেই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নেবেন।’ তাঁর সংযোজন, ‘প্রয়োজনে ফ্ল্যাগশিপ প্রজেক্ট তৈরি করে সরকারি প্রচারের মাধ্যমে জন্মনিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া যেতে পারে। জমির উপরে মানুষের চাপ কমাতে হবে। পরিবার পরিকল্পনা করে মহিলাদের সার্বিক বিকাশ ঘটানো যেতে পারে।’ মঞ্চে বসে থাকা মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে তিনি বলেন, ‘আমি আবেদন করব, জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী গুরুদায়িত্ব পালন করবেন। তাঁর দিকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী এবং বৃহত্তর জনসমাজ তাকিয়ে আছে।’ শমীকের দাবি, ‘বর্তমান পরিস্থিতিতে রাজ্যে জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজন আছে।’ তাঁর সংযোজন, ‘ধর্মান্ধ প্রচারের কারণে বিভিন্ন রোগকে আমরা সমাজ থেকে নির্মূল করতে পারিনি। সবে সরকার হয়েছে। কিছুদিনের মধ্যেই স্বাস্থ্যমন্ত্রী শপথ নেবেন। তবে এর মধ্যেই মুখ্যমন্ত্রী মানুষের আবেগ ছুঁতে পেরেছেন। একের পর এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি রাজ্যের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করবেন বলে আশা রাখি।’