CNG PNG Price Hike: আবার দাম বেড়ে গেল CNG-PNG-র! মূল্যবৃদ্ধি কোথায় গিয়ে ব্রেক কষবে? | CNG and PNG Prices Hiked Again in Mumbai: How Much More Will Consumers Have to Pay?
মুম্বই: আবার দাম বাড়ল জ্বালানির। পাইপড ন্যাচরাল গ্যাস অর্থাৎ পিএনজি ও কমপ্রেসড ন্যাচরাল গ্যাস অর্থাৎ সিএনজি (CNG)-র দাম বাড়ল। পিএনজি (PNG)-র দাম প্রতি কেজিতে ৫০ পয়সা এবং সিএনজি-র দাম প্রতি কেজিতে ২ টাকা করে দাম বাড়ল।
আঞ্চলিক গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থা মহানগর গ্যাস লিমিটেড (MGL) আজ, শনিবার এই মূল্যবৃদ্ধির ঘোষণা করেছে। তারা জানিয়েছে, মুম্বই মেট্রোপলিটন রিজিওনে পিএনজি ও সিএনজির দাম বাড়ানো হচ্ছে। পিএনজি-র দাম প্রতি কেজিতে ৫০ পয়সা এবং সিএনজি-র দাম প্রতি কেজিতে ২ টাকা করে দাম বাড়ানো হয়েছে। পিএনজির দাম পড়বে ৫২ টাকা। সিএনজি কিনতে খরচ পড়বে প্রতি কেজিতে ৮৬ টাকা। মুম্বই, নভি মুম্বই, থানে, কল্যাণ সহ ওই অঞ্চলের অন্তর্ভুক্ত সব জায়গায় আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।
সংস্থার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, গৃহস্থের ব্যবহৃত গ্যাসের বরাদ্দ কমায় গ্যাস কেনার খরচ বেড়েছে। ভারতীয় মুদ্রার দামে পতন, জ্বালানির বেশি দামের কারণে সামগ্রিকভাবে গ্যাসের দাম বেড়েছে। এর আগে গত ১৪ মে মুম্বইতে সিএনজির দাম বেড়েছিল। সেই সময় প্রতি কেজিতে ২ টাকা করে দাম বাড়ানো হয়েছিল।
তবে লাগাতার এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে গাড়ির মালিকদের উপরে। অনেক প্রাইভেট গাড়ি, ট্যাক্সি, অটো সিএনজি-তে চলে। ক্রমাগত দাম বাড়ায়, তাদের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। কেউ যাত্রীদের ভাড়া বাড়িয়ে দিয়েছেন, আর যারা ভাড়া বাড়াতে পারছেন না, তারা গাড়ি কম চালাচ্ছেন জ্বালানি সাশ্রয় করতে।
এদিকে, সম্প্রতি পেট্রোল-ডিজেলের দামও বেড়েছে। চলতি সপ্তাহের সোমবারই পেট্রোল-ডিজেলের দাম ফের বেড়েছে। এই নিয়ে দুই সপ্তাহেরও কম সময়ে চারবার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের।