ওয়েব সিরিজ় দেখেই খুনের ছক, রাজস্থানে প্রাক্তন পঞ্চায়েত প্রধান-সহ চার জনের মৃত্যতে ধৃত নাবালক ছেলে
গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে বাবার। অথচ, তার কোনও অভিঘাতই দেখা যাচ্ছে না নাবালক ছেলের মধ্যে। তার চোখে-মুখে নির্লিপ্ত ভাব। শোকের লেশ মাত্র নেই। উল্টে গোটা পরিবার যখন কান্নায় ভেঙে পড়েছে, তখন সে বসে বসেে চা খাচ্ছে! এই দৃশ্যই প্রথম নজর কেড়েছিল। তার পরে বিষয়টি খতিয়ে দেখতেই তদন্তে যা উঠে এল, তাতে কার্যত চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। তাঁরা বুঝতে পারলেন, রাজস্থানে আজমেরে একই পরিবারের চার জনের মৃত্যু গাড়ি দুর্ঘটনায় ঘটেনি। তাঁদের পরিকল্পিত ভাবেই খুন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাড়ির ভিতরে প্রাক্তন পঞ্চায়েত প্রধান রামসিং চৌধরি, তাঁর দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান, মা পুষি দেবী এবং ভাইঝি মহিমার ঝলসানো দেহ উদ্ধার হয়। তদন্তে নেমেই পুলিশের প্রথম সন্দেহ হয় রামসিংয়ের বছর সতেরোর ছেলেকে। তার কিছু আচরণই তদন্তকারীদের চোখে লাগে। পুলিশ সূত্রে খবর, বাবার মৃত্যুর পরেও সে বড্ডই শান্ত ছিল। মাঝে মাঝে মা (যিনি রামসিংয়ের প্রথম স্ত্রী)-কে সান্ত্বনা দিচ্ছিল। কিন্তু ওইটুকুই। তা বাদ দিয়ে সে পুরোপুরিই নিরুত্তাপ ছিল।