Tollywood: বিখ্যাত টলিউড নায়কের বিরুদ্ধে পরিচারিকাকে মারধরের অভিযোগ, থানায় ছুটল দুপক্ষই | Tollywood actor samrat mukherjee accused of assaulting maid haridevpur - 24 Ghanta Bangla News
Home

Tollywood: বিখ্যাত টলিউড নায়কের বিরুদ্ধে পরিচারিকাকে মারধরের অভিযোগ, থানায় ছুটল দুপক্ষই | Tollywood actor samrat mukherjee accused of assaulting maid haridevpur

Spread the love

গৃহ পরিচারিকাকে আটকে রেখে লাঠি দিয়ে বেধড়ক মারধর ও নির্যাতনের অভিযোগ উঠল টলিউডের পরিচিত অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। অন্যদিকে, পরিচারিকার বিরুদ্ধে নিজের বহুমূল্য আংটি চুরির পালটা অভিযোগ এনেছেন অভিনেতা। গত ২৭ মে হরিদেবপুর থানার জোড়াপুকুর এলাকায় অভিনেতার বাড়িতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। বর্তমানে দুই পক্ষের অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আক্রান্ত পরিচারিকার পরিবারের দাবি, গত কয়েক মাস ধরেই তিনি সম্রাট মুখোপাধ্যায়ের বাড়িতে কাজ করছিলেন। কিন্তু মাঝেমধ্যেই বাড়িতে কোন জিনিস হারালে সন্দেহের তির যেত তাঁর দিকে এবং তাঁকে মানসিকভাবে হেনস্থা করা হত।

গত ২৭ মে বিকেলে একটি আংটি খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি চরমে ওঠে। পরিচারিকার অভিযোগ, চুরির অপবাদ দিয়ে তাঁকে একটি ঘরে আটকে রাখা হয় এবং জোরপূর্বক তাঁর ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগে কিছু না মেলায় অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে লাঠি দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। মারধরের জেরে তাঁর মাথায় ও হাতের আঙুলে গুরুতর চোট লাগে। এমনকি মাথায় সেলাইও পড়েছে বলে দাবি তাঁর।

নির্যাতিতার বক্তব্য অনুযায়ী, ওইদিন বিকেল ৫টা নাগাদ রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর যন্ত্রণায় ছটফট করতে করতে রাস্তা থেকে আইসক্রিম কিনে ফোলা জায়গায় চেপে ধরে কোনোমতে নিজের বাড়ি পৌঁছন তিনি। পরবর্তীতে হরিদেবপুর থানায় অভিনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা।

এদিকে সমস্ত মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। তাঁর দাবি, গোটা বিষয়টি আদতে আংটি চুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা। বিস্তারিত জানতে টিভি নাইন বাংলার তরফ থেকে সম্রাটকে যোগাযোগ করা হলে, তিনি জানান, ২৭ মে সকালে স্নান করার সময় তিনি নিজের দুটি আংটি খুলে রাখেন। থিয়েটারের রিহার্সালে যাওয়ার তাড়া থাকায় ভুলবশত আংটি দুটি বালিশের পাশে রেখেই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। মিনিট ১৫ পর মনে পড়ায় তিনি বাড়ির দারোয়ানকে ফোন করে আংটি দুটি তুলে রাখতে বলেন। “দারোয়ান ঘরে ঢুকে দেখে ওই পরিচারিকা বিছানা পরিষ্কার করছে। দারোয়ান একটু অন্যমনস্ক হতেই দেখে বিছানার ওপর মাত্র একটি আংটি পড়ে রয়েছে, অন্যটি গায়েব। পরিচারিকাকে জিজ্ঞাসা করা হলেও সে অন্য আংটিটির কথা স্বীকার করেনি। আমি বাড়ি ফিরছি শুনেই ওই মহিলা ভয় পেয়ে পালাতে যান এবং সিঁড়ি দিয়ে পড়ে যান। এরপর নিজেই দেওয়ালে মাথা ঠোকেন।”

অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়।

সম্রাট আরও জানিয়েছেন, পরিস্থিতি বেগতিক দেখে তিনি নিজেই হরিদেবপুর থানায় খবর দেন এবং পুলিশ এসে বোঝানো সত্ত্বেও ওই মহিলা আংটি ফেরত দেননি। শেষমেশ পরিচারিকা পোশাক বদলে বাড়ি থেকে চলে যাওয়ার পর অভিনেতা তাঁর বিরুদ্ধে চুরির এফআইআর দায়ের করেন। এর পরেই জানতে পারেন, পরিচারিকাও তাঁর বিরুদ্ধে মারধরের পালটা মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *