Murshidabad Mob Lynching: নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, অভিযুক্তকে পিটিয়ে ‘খুন’ | Murshidabad Mob Lynching: Elderly Man Beaten to Death Over Minor Harassment Allegation in Beldanga
মুর্শিদাবাদ: নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত প্রৌঢ়কে গণপিটুনি দিয়ে খুনের অভিযোগ। মুর্শিদাবাদের বেলডাঙা থানার ফতেনগর গ্রামে। এই ঘটনায় ইতিমধ্যেই চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় অভিযুক্ত এক নাবালিকাকে যৌন হেনস্থার চেষ্টা করে। সেই সময় অভিযুক্তের স্ত্রী বিষয়টি দেখতে পেয়ে নাবালিকাকে উদ্ধার করে সরিয়ে নিয়ে যান। তবে এই খবর দ্রুত গ্রামে ছড়িয়ে পড়লে তীব্র উত্তেজনা তৈরি হয়। উত্তেজিত গ্রামবাসীরা জড়ো হয়ে অভিযুক্তকে ধরে ব্যাপক মারধর শুরু করে।
গণপিটুনির জেরে গুরুতর জখম অবস্থায় ওই প্রৌঢ়কে উদ্ধার করে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শুক্রবার দুপুরে দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
এই ঘটনার তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার রাতেই বিশ্বনাথ মণ্ডল, রাজকুমার মণ্ডল, সঞ্জয় মণ্ডল ও রিঙ্কু মণ্ডল নামে চারজনকে গ্রেফতার করে। ধৃতদের শুক্রবার বহরমপুর জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। বিচারক ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় জড়িত বাকি পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকা বর্তমানে থমথমে।