David Dhawan: ডেভিন ধাওয়ানের বিরুদ্ধে ৪০০ কোটির মামলা, কী ঘটিয়েছেন পরিচালক? | Vashu Bhagnani sues David Dhawan for Rs 400 crore - 24 Ghanta Bangla News
Home

David Dhawan: ডেভিন ধাওয়ানের বিরুদ্ধে ৪০০ কোটির মামলা, কী ঘটিয়েছেন পরিচালক? | Vashu Bhagnani sues David Dhawan for Rs 400 crore

Spread the love

বলিউডের অন্যতম হাই-প্রোফাইল দুই প্রযোজনা সংস্থার মধ্যে আইনি লড়াই এবার চরম রূপ নিল। ১৯৯৯ সালের সুপারহিট ছবি ‘বিবি নম্বর ১’-এর (Biwi No. 1) গান বেআইনি ব্যবহারের অভিযোগে পরিচালক ডেভিড ধাওয়ান, টিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং প্রযোজক রমেশ তৌরানি ও কুমার এস তৌরানির বিরুদ্ধে ৪০০ কোটি টাকার মানহানি ও ক্ষতিপূরণের মামলা ঠুকল বাসু ভাগনানির প্রযোজনা সংস্থা ‘পূজা এন্টারটেইনমেন্ট’। বম্বে হাইকোর্টে এই মামলাটি দায়ের করা হয়েছে।

সংবাদসংস্থা এএনআই (ANI) খবর অনুযায়ী, ‘ভি কে দুবে অ্যাসোসিয়েটস’-এর মাধ্যমে দায়ের করা এই মামলায় পূজা এন্টারটেইনমেন্ট অবিলম্বে ওই ছবিটির মুক্তি, বণ্টন, প্রদর্শন, ওটিটি স্ট্রিমিং এবং ছবির প্রচারমূলক সমস্ত বিষয়বস্তুর ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছে। একই সঙ্গে বিতর্কিত গানগুলি ছবি থেকে বাদ দেওয়া এবং সিনেমার নাম পরিবর্তনেরও দাবি তুলেছে তারা।

পূজা এন্টারটেইনমেন্টের আইনজীবীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমরা টিপস মিউজিক কোম্পানির বিরুদ্ধে ৪০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছি। বেশ কিছুদিন ধরেই এই আইনি বিতর্ক বাড়ছিল, কারণ মিউজিক রাইটস বা গানের স্বত্ব নিয়ে কোনও রফা করতে চাইছিল না ওরা। আগেকার দিনে সিনেমার স্বত্ব চুক্তির ভিত্তিতে নির্ধারিত হত। কিন্তু এখন মিউজিক কোম্পানিগুলি বড় প্রযোজক বা গীতিকারদের কাছ থেকে সরাসরি গান কিনে নেয়।”

আইনজীবীরা আরও জানান যে, পূজা এন্টারটেইনমেন্ট ইতিমধ্যেই টিপস ইন্ডাস্ট্রিজকে নোটিশ পাঠিয়ে আগে দেওয়া অডিও স্বত্ব বাতিল (Revoke) করেছে। যার ফলে, আসন্ন নতুন ছবিতে ওই গানগুলি ব্যবহার করার কোনও আইনি অধিকার টিপসের নেই।

এই গোটা সংঘাতের কেন্দ্রে রয়েছে ডেভিড ধাওয়ান পরিচালিত আগামী ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ (Hai Jawani Toh Ishq Hona Hai)। অভিযোগ, এই ছবিতে ‘বিবি নম্বর ১’ ছবির দুটি জনপ্রিয় গান ব্যবহার করা হয়েছে, যার কোনও বৈধ অনুমতি নির্মাতাদের কাছে নেই। পূজা এন্টারটেইনমেন্টের দাবি, ছবি এবং ছবির সমস্ত প্রমোশনাল ভিডিও থেকে অবিলম্বে গান দুটি সরাতে হবে।

শুধু তাই নয়, সিনেমার নাম ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ রাখার পেছনেও আসল কারণ ‘ইশক সোনা হ্যায়’ (Ishq Sona Hai) গানটির তুমুল জনপ্রিয়তা। তাই ছবির নামও বদলানোর দাবি তুলেছে ভাগনানির সংস্থা। শর্ত না মানলে অতিরিক্ত আরও ১০০ কোটি টাকার অতিরিক্ত ক্ষতিপূরণ চাওয়া হয়েছে টিপস ও ডেভিড ধাওয়ানের থেকে। অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে টিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার রমেশ তৌরানি জানিয়েছেন, ওই গানগুলির মিউজিক এবং অডিও স্বত্ব সম্পূর্ণ আইনি পথেই তাঁদের সংস্থার অধীনে রয়েছে। আগামী ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবিটির। এখন দেখার, মুক্তির ঠিক মুখে বম্বে হাইকোর্ট এই বিগ-বাজেট মামলার পরিপ্রক্ষিতে কী রায় দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *