কান ধরে ওঠবস, পুরপ্রধানের বিরুদ্ধে থানায় প্রধান শিক্ষিকা
এই সময়, জলপাইগুড়ি: জেলার পুলিশ সুপার থেকে শিক্ষা দপ্তর, অনেকের কাছেই লিখিত অভিযোগ করেছিলেন ছ’মাস আগে। বিচার পাননি। সরকার পরিবর্তনের পরে মঙ্গলবার কোতোয়ালি থানায় জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা দাস। গত বছর নভেম্বরে ছাত্রী ভর্তি নিয়ে মতবিরোধে প্রধান শিক্ষিকাকে কান ধরে ওঠবস এবং সহকারী প্রধান শিক্ষিকাকে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ উঠেছিল সৈকতের বিরুদ্ধে। তিনি তখন ওই বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ছিলেন। জেলা পুলিশ বা শিক্ষা দপ্তর কোনও ব্যবস্থা না-নেওয়ায় হাইকোর্টে মামলাও করেন সুতপা। রাজ্যে সরকার পরিবর্তনের পরে সঠিক বিচারের আশায় সহকারী প্রধান শিক্ষিকা অরুণিমা মৈত্রকে সঙ্গে নিয়ে এ দিন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘বিধানসভা নির্বাচনের প্রচারে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘ভয় আউট ভরসা ইন’ বার্তা দিয়েছিলেন। সেই কথা মাথায় রেখে সৈকতের শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেছি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটি মেলও পাঠিয়েছি।’ অভিযুক্ত সৈকত বলেন, ‘প্রধান শিক্ষিকার অভিযোগ যে মিথ্যা সেটা আদালতে প্রমাণ করব। এখন তিনি যে অভিযোগ করছেন সেটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে।’