Ranveer Singh Don 3 Controversy: ফারহানের সামনে কোটি কোটি টাকার বিশেষ অফার রাখেন রণবীর! শেষরক্ষা হল? | Don 3 Controversy: Farhan Akhtar Rejects Ranveer Singh’s 35 Crore Compensation Offer Amid FWICE Ban - 24 Ghanta Bangla News
Home

Ranveer Singh Don 3 Controversy: ফারহানের সামনে কোটি কোটি টাকার বিশেষ অফার রাখেন রণবীর! শেষরক্ষা হল? | Don 3 Controversy: Farhan Akhtar Rejects Ranveer Singh’s 35 Crore Compensation Offer Amid FWICE Ban

Spread the love

বলিউডের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি মানেই পর্দায় এক চরম উত্তেজনা। অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান (Shah Rukh Khan)-এর পর এই আইকনিক জুতোয় পা গলানোর কথা ছিল রণবীর সিংয়ের। কিন্তু ২০২৩ সালে মহাসমারোহে নতুন ডন হিসেবে রণবীরের নাম ঘোষণা করা হলেও, শেষ পর্যন্ত সেই প্রজেক্ট এখন বিশ বাঁও জলে। আর তা নিয়েই টালমাটাল মায়ানগরী। ‘ডন ৩’ ছবি থেকে রণবীরের আকস্মিক প্রস্থান এখন আর শুধু টলিপাড়ার অন্দরের গুঞ্জন নয়, বরং তা গড়িয়েছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (FWICE) পর্যন্ত। পরিস্থিতি এতটাই বিগড়ে গিয়েছে যে, ক্ষুব্ধ প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির মান ভাঙাতে রণবীর নাকি কোটি কোটি টাকার অফার টেবিলে রেখেছিলেন। তবে লাভ কিছুই হয়নি, মুখের ওপর সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে এক্সেল এন্টারটেইনমেন্ট।

এক প্রতিবেদন সুত্রে জানা গিয়েছে, গত মার্চ মাসের প্রথম সপ্তাহে এক্সেল এন্টারটেইনমেন্টের কর্তাদের সঙ্গে একটি গোপন বৈঠকে বসেছিল রণবীর সিংয়ের টিম। ডন ৩ মাঝপথে ছেড়ে দেওয়ায় প্রযোজকদের যে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে, তা পুষিয়ে দিতেই মূলত এই বৈঠক হয়। ড্যামেজ কন্ট্রোল করতে রণবীরের টিম তড়িঘড়ি ১০ কোটি টাকা ক্যাশ দেওয়ার প্রস্তাব দেয়। শুধু তাই নয়, ডন ছাড়া ভবিষ্যতে এক্সেল এন্টারটেইনমেন্টের অন্য কোনও ছবিতে কাজ করলে নিজের পারিশ্রমিক থেকে আরও ২৫ কোটি টাকা ছাড় (ডিসকাউন্ট) দেওয়ার প্রতিশ্রুতিও দেন রণবীর। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ৩৫ কোটি টাকার একটি লোভনীয় প্যাকেজ সাজানো হয়েছিল সম্পর্ক টিকিয়ে রাখার জন্য।

তবে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি নিজেদের সিদ্ধান্তে অনড়। গত দু’বছর ধরে রণবীরের টালবাহানা, শুটিংয়ের ডেট নিয়ে অনিশ্চয়তা এবং বারবার স্ক্রিপ্ট বদলের দাবিতে তাঁরা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন। ফলস্বরূপ, রণবীরের এই কোটি টাকার টোপ তাঁরা সরাসরি নাকচ করে দেন। এক্সেলের স্পষ্ট কথা, কোনও ভবিষ্যতের ফাঁকা প্রতিশ্রুতি নয়, যা ক্ষতি হয়েছে তা এখনই নগদ টাকায় মিটিয়ে দিতে হবে।

বলিউডের অন্দরের খবর, ডন চরিত্রটিকে আরও বেশি উগ্র, হিংস্র এবং গালাগালিতে ভরা এক অন্ধকার জগতের ডন হিসেবে পর্দায় দেখতে চেয়েছিলেন রণবীর। কিন্তু পরিচালক ফারহান আখতার ডনের সেই চেনা আভিজাত্য ও নিজস্ব স্টাইল বজায় রাখতে চেয়েছিলেন। এই সৃজনশীল মতপার্থক্যই শেষ পর্যন্ত বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়।

এরপরই এক্সেল এন্টারটেইনমেন্টের তরফে রণবীরের কাছে ৪৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। রণবীর তা দিতে অস্বীকার করায় জল গড়ায় ফেডারেশনে। যার জেরে ২৬ মে FWICE রণবীর সিংয়ের বিরুদ্ধে ‘অসহযোগিতা’-র ফতোয়া জারি করেছে। অর্থাৎ, ফেডারেশনের কোনও কর্মী এখন রণবীরের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন না, যা কার্যত বলিউডে তাঁর কেরিয়ারকে এক বড়সড় ধাক্কার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই কঠিন পরিস্থিতির সামাল কীভাবে দেবেন রণবীর সেই উত্তর সময় বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *