বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ়ের
নিজেদের জমি থেকে রজনীগন্ধা ফুল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো স্বামীর, জখম স্ত্রী। বুধবার সকালে নদিয়ার গাংনাপুর থানার এরুলি গ্রামের ঘটনা। মৃতের নাম বিকাশ মণ্ডল (৬০)। পরিবার সূত্রে জানা গিয়েছে, শিয়ালের উপদ্রব থেকে ফুলের স্টিক বাঁচাতে লোহার তার দিয়ে কয়েক পাকে ঘেরা হয়েছিল ফুল চাষের এলাকা। ঝড়ে বিদ্যুৎবাহী একটি তার ছিঁড়ে ওই লোহার তারে জড়িয়ে গিয়েছে, বুঝতে পারেননি প্রৌঢ় দম্পতি। এ দিন সকালে দু’জনে ফুলের জমিতে ঢুকতে গেলে বিকাশ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রী কাননও বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় বিকাশের। স্ত্রীকে রানাঘাটের হাসপাতালে ভর্তি করা হয়েছে।