Abhishek Banerjee Property Plan: নীল রঙা বিশেষ পাতার ওপর… অভিষেকের কোটি টাকার বাড়ির অন্দরমহলে ঠিক কী রয়েছে? কেন বিশেষ পাতার ওপর নজর প্রশাসনের? | Abhishek Banerjee Property Plan Row: KMC Seeks New Elevation Copy of House Interior Changes
কলকাতা: মৌখিক বা মনগড়া তথ্য নয়, বাড়ির অন্দরমহলের নতুন স্কেচ-সহ এলিভিশন কপি জমা দিতে হবে পুরসভায়, অভিষেকের সম্পত্তিতে নির্মাণ নকশা নিয়ে নির্দেশ পুর প্রশাসনের। জানা যাচ্ছে, বর্তমানে বাড়ির ভিতরে নতুন করে কী কী অংশ তৈরি হয়েছে, সেটা এলিভিশন কপিতে এঁকে জমা করতে হবে কলকাতা পুরসভার কাছে।
এবার এমনই নির্দেশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতন বিল্ডিং-সহ অন্যান্য সম্পত্তিতে। কলকাতা পৌরসভার কাছে যে এলিভেশন কপি রয়েছে অর্থাৎ বাড়ি তৈরির সময় যেটা জমা পড়েছিল, সেই কপির সঙ্গে বর্তমান কপি মিলিয়ে দেখা হবে।
পুরসভা সূত্রে খবর, বিল্ডিং বিভাগের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতি ইঞ্চি ধরে ধরে যেন এই এলিভিশন কপিতে নকশা আঁকা হয়। এলবিএসকে দিয়ে পুরো কাজ শেষ করতে হবে। বিল্ডিং বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, নিখুঁত তথ্য পেতেই নতুন করে এই এলিভিশন কপি চাওয়া হয়েছে। বিল্ডিং আইন অনুযায়ী যাবতীয় তথ্য তলব করা হয়েছে। এই নতুন নকশাই বলে দেবে অনুমতিবিহীন অংশের কাজ করা হয়েছে এবং কতটা করা হয়েছে।
কিন্তু কী এই এলিভিশন কপি?
বিল্ডিং বিভাগ সূত্রের খবর, নির্মাণ নকশা অনুমোদন নেওয়ার সময় নির্মাণের কোথায় কোথায় কী কী করা হচ্ছে, তার একটি আঁকা বা স্কেচ নকশা আবেদনের সঙ্গে জমা করতে হয়।
যা বিল্ডিং আইন অনুযায়ী বাধ্যতামূলক। যার একটি নথি থাকে বিল্ডিং বিভাগে, অপরটি থাকে আবেদনকারীর কাছে। নীল রঙের এক বিশেষ ধরনের পাতার উপরে এই নকশা স্কেচ করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির নিয়ম বহির্ভূত কাজের তথ্য পেতে এখন এই কপি কলকাতা পৌরসভার কাছে অন্যতম বড় হাতিয়ার।