বাবাকে ‘খুন’, মায়ের অভিযোগে ৪ মাস পরে গ্রেপ্তার INTTUC নেতা - 24 Ghanta Bangla News
Home

বাবাকে ‘খুন’, মায়ের অভিযোগে ৪ মাস পরে গ্রেপ্তার INTTUC নেতা

Spread the love

পারিবারিক অশান্তি শেষ পর্যন্ত পৌঁছেছিল খুনোখুনিতে। বাবাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল ছেলের বিরুদ্ধে। ওই ঘটনায় গুরুতর জখম হয়ে দিন কয়েক মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পরে মারা গিয়েছিলেন বৃদ্ধ। ওই ঘটনার চার মাস পরে আত্মগোপন করে থাকা তৃণমূলের শ্রমিক সংগঠনের এক নেতাকে মালদা থেকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আবির গোস্বামী বালুরঘাট শহরের ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত। অভিযোগ, চলতি বছরের ২ ফেব্রুয়ারি গভীর রাতে বাবার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। সেই সময়ে তিনি উত্তেজনার বশে বাবাকে ধাক্কা মেরে ফেলে দেন বলে অভিযোগ। মাটিতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান বৃদ্ধ। প্রথমে তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। ৭ ফেব্রুয়ারি, ফের হাসপাতালে ভর্তি করার পর ৯ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বৃদ্ধের।

ঘটনার পরে মৃতের স্ত্রী নিজের ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের হতেই এলাকা ছেড়ে আত্মগোপন করে অভিযুক্ত। দীর্ঘ তদন্তের পর মঙ্গলবার মালদা থেকে তাকে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ। বুধবার ধৃতকে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সরকারি আইনজীবী সঞ্জয় বিশ্বাস জানান, আগামী ৯ জুন ফের আদালতে তোলা হবে অভিযুক্তকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *