ফডেন-স্যাঞ্চোর টিমমেটদের সঙ্গে লড়াই গুরপ্রীতদের - 24 Ghanta Bangla News
Home

ফডেন-স্যাঞ্চোর টিমমেটদের সঙ্গে লড়াই গুরপ্রীতদের

Spread the love

এই সময়: প্রতিপক্ষের নাম জামাইকা। কিন্তু আজ লন্ডনের ‘দ্য ভ্যালি’ স্টেডিয়ামে ইউনিটি কাপের সেমিফাইনালে ভারতীয় সিনিয়র ফুটবল টিম আসলে খেলতে নামছে যেন ইংল্যান্ডের বিরুদ্ধেই।

২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ হয়েছিল ভারতে। চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ডের যুব টিম। সেই টিমে ফিল ফডেন, জ্যাডন স্যাঞ্চো, মার্ক গুয়েহিদের সঙ্গে ছিলেন জোয়েল, ডেক্সটররা। জামাইকা বংশোদ্ভুত হলেও ব্রিটেনে জন্ম বলে জোয়েলরা সে বার খেলেছিলেন ইংল্যান্ডের হয়ে। পরবর্তীকালে ইংল্যান্ড সিনিয়র টিমে সুযোগ না পাওয়ায় শেষের দু’জন এখন খেলেন জামাইকার হয়ে। তারা ফিফা তালিকায় এখন ৭১ নম্বরে। জামাইকার এই টিমে ১১ জন ফুটবলার আছেন, যাঁরা ইংল্যান্ডের ক্লাবেই খেলেন।

৯ বছর আগে ওই বিশ্বকাপে ভারতের জার্সি পরে যাঁরা খেলেছিলেন, তাঁদের মধ্যে ইংল্যান্ড সফরের এই টিমে জিকসন সিং ও রহিম আলি আছেন। জোয়েলদের সঙ্গে জিকসনদের তফাৎ কতটা, তা বোঝা যাবে এই ম্যাচে। ১৩৬ নম্বরে থাকা ভারতের এই টিম অবশ্যই সেরা নয়। কারণ শেষ সময়ে মোহনবাগান তাদের ৭ জন ফুটবলারকে সরিয়ে নেওয়ায় কোচ খালিদ জামিল বেশ চাপে। লন্ডনে প্রেস মিটে অবশ্য খালিদ সে কথা স্বীকার করেননি। বলেছে‍ন, ‘সদ্য সমাপ্ত আইএসএলে যারা ভালো খেলেছে, তাদের থেকেই আমি টিম বেছে নিয়েছি। আমি একটা নতুন জাতীয় টিম বানানোর চেষ্টা করছি। সেই কাজে শক্তিশালী টিমের বিরুদ্ধে এখানে যে দুটো ম্যাচ খেলব, তা কাজে আসবে।’

২৪ বছর আগে শেষ বার লন্ডনে এসে ভারতের সিনিয়র টিম দুটো ফিফা ফ্রেন্ডলি খেলেছিল জামাইকার বিরুদ্ধেই। ভাইচুং–রেনেডিরা একটা ম্যাচে ০–৩ হারলেও একটায় গোলশূন্য রেখেছিল। এ বার সন্দেশ–এডমুন্ড কী করেন সেটাই দেখার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *