চিংড়িঘাটার পর মেট্রোর নজরে ভিআইপি রোড
ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, এই কাজ শেষ করতে চার মাস লাগবে বলে হিসেব করা হয়েছে। এর মধ্যে একটা গোটা মাস লেগে যাবে ৫০০ টনের লঞ্চার মেশিনটিকে চিংড়িঘাটা থেকে ভিআইপি রোড পর্যন্ত নিয়ে যেতেই। মেশিনটিকে প্রথমে ৮৩৩ থেকে ৮৩৫ নম্বর পিলারের মাঝে সুবিধামতো কোনও জায়গায় রাখা হবে। তার পরে পিলারের উপরে কংক্রিট সেগমেন্ট তোলার কাজ শুরু হবে। এক–একটা সেগমেন্টের ওজন ২২থেকে ৩৪ টনের মধ্যে। আপাতত ঠিক হয়েছে ওই কাজ যখন শুরু হবে, সে সময়ে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ভিআইপি রোডের বিভিন্ন অংশে ট্র্যাফিক ব্লক নেওয়া হবে। তবে তখন কী ভাবে যান চলাচল করবে, তার চূড়ান্ত রূপরেখা এখনও প্রকাশ করা হয়নি। তবে এটুকু জানা গিয়েছে, ভিআইপি রোডে ট্র্যাফিক ব্লক নেওয়ার বিষয়ে বিধাননগর পুলিশ কমিশনারেট সব রকম ভাবে কলকাতা মেট্রোকে সহযোগিতায় রাজি হয়েছে।