গেরুয়া সুনামি রুখতে এবার শহরতলিতে নজর মমতার! আজ কালীঘাটে ৪ পুরসভার মেগা বৈঠক - 24 Ghanta Bangla News
Home

গেরুয়া সুনামি রুখতে এবার শহরতলিতে নজর মমতার! আজ কালীঘাটে ৪ পুরসভার মেগা বৈঠক

Spread the love

Mamata Banerjee Municipal Meeting

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন ও তৃণমূলের ভরাডুবির পর, এবার আসন্ন পুরভোটকে পাখির চোখ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ক্ষমতা হাতছাড়া হলেও পুরসভাগুলির রাশ যাতে কোনোভাবেই আলগা না হয়, তার জন্য এবার কোমর বাঁধছে ঘাসফুল শিবির। এই আবহে আজ, সোমবার বিকেলে কালীঘাটের বাসভবনে উত্তর শহরতলির ৪টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরসভা এবং ১টি পুরনিগমের মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন নেত্রী। (Mamata Banerjee Municipal Meeting)

– Advertisement –

দলীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা জেলার রাজনৈতিক সমীকরণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম, বরানগর পুরসভা এবং বিধাননগর পুরনিগমের সমস্ত নির্বাচিত কাউন্সিলর ও পদাধিকারীদের এই বৈঠকে তলব করা হয়েছে। সদ্য দমদম লোকসভা সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পাওয়া কামারহাটির বিধায়ক মদন মিত্র রবিবার নিজে উদ্যোগী হয়ে প্রত্যেক প্রতিনিধিকে কালীঘাটের এই মেগা বৈঠকের আমন্ত্রণ পৌঁছে দিয়েছেন। সাংসদ, বিধায়ক, জেলা পরিষদ এবং কলকাতা পুরনিগমের (KMC) পর এবার জেলাস্তরের পুরসভাগুলির ক্ষতবিক্ষত সাংগঠনিক ভিত মজবুত করতে একে একে ময়দানে নামছেন মমতা।

বোর্ড ভাঙার অশনি সংকেত, মরিয়া জনসংযোগের বার্তা

সাম্প্রতিক গেরুয়া সুনামিতে তৃণমূলের দখলে থাকা একের পর এক পুরসভার অবস্থা এখন টলমল। বহু জায়গায় কাউন্সিলরদের ইস্তফা ও বোর্ড ভেঙে যাওয়ার মতো অশনি সংকেত দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে গত সপ্তাহেই কলকাতার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করে ‘মাটি আঁকড়ে’ থাকার কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূলনেত্রী। আজকের বৈঠক থেকেও মূলত ভয় কাটিয়ে পুর আইনের কথা মনে করিয়ে দেবেন তিনি। মমতার স্পষ্ট বার্তা, নির্বাচিত বোর্ড চাইলেই কেউ ভেঙে দিতে পারে না, তা একমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতেই ছিনিয়ে নেওয়া সম্ভব। তাই ক্ষমতার পালাবদল হলেও পুরসভাগুলিতে নাগরিক পরিষেবায় যেন বিন্দুমাত্র ফাঁক না থাকে এবং লাগাতার জনসংযোগ জারি রাখা হয়, সেই নির্দেশই আজ দিতে পারেন তিনি।

দক্ষিণ কলকাতা যুব তৃণমূলে বড় রদবদল

এদিকে পুরসভাগুলির এই ম্যারাথন বৈঠকের মাঝেই রবিবার রাতে দলীয় সংগঠনে আরও একটি বড় রদবদল সেরে ফেলেছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল যুব সংগঠনের নতুন সভাপতি পদে আনা হয়েছে শ্রীদীপ দাসকে। এতদিন এই দায়িত্ব সামলাচ্ছিলেন সার্থক বন্দ্যোপাধ্যায়। বেহালার বাসিন্দা শ্রীদীপ এতদিন যুব সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছিলেন, এবার তাঁকে জেলা সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদের ব্যাটন দেওয়া হলো।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *