Mohammedan SC: মহমেডান শিবিরে অশান্তি, কর্তাদের পদত্যাগের দাবিতে ক্লাব গেটে তালা সমর্থকদের! | Supporters Protest Against Management Over Financial & ISL Failures - 24 Ghanta Bangla News
Home

Mohammedan SC: মহমেডান শিবিরে অশান্তি, কর্তাদের পদত্যাগের দাবিতে ক্লাব গেটে তালা সমর্থকদের! | Supporters Protest Against Management Over Financial & ISL Failures

Spread the love

Supporters Protest Against Management Over Financial & ISL Failures.Image Credit: Gemini AI

কলকাতা : আবার ঝামেলা মহমেডান শিবিরে। গতকাল ক্লাবের সমর্থকরা ক্লাব তাঁবুর সামনে এসে বিক্ষোভ শুরু করেন। এমনকি গেটে তালা লাগিয়েও দেন ক্ষুব্ধ সমর্থকরা। তাঁদের দাবি ছিল, ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি, ও দুই কর্তা বেলাল আহমেদ ও কামরুদ্দিন এবং সচিব ইস্তিয়াক আহমেদকে পদত্যাগ করতে হবে। নাহলে এই বিক্ষোভ তাঁরা চালিয়ে যাবেন।

সদ্যই আইএসএল প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছে মহমেডান ক্লাব। অবনমনের সম্মুখীন হয়েছে ক্লাব। ফলে আগামী বছর আইএসএল থেকে আইএফএল খেলতে হবে ক্লাবকে। ইতিমধ্যেই অনেক অভিযোগ উঠেছিল এই ক্লাবকে নিয়ে। একদিকে যেমন বেতন বাকি অনেক ফুটবলারদের, তেমনই কোচ মেহরাজউদ্দিন ওয়াডু নিজেও খেলোয়াড়দের বিক্ষোভের মুখে পড়েছিলেন আইএসএল চলাকালীন। এবার আইএসএলের শেষে আরও বড় বিক্ষোভের মুখে পড়েছে ক্লাব কর্তৃপক্ষ।

এদিন অর্থাৎ রবিবার বিকেলে ক্লাব গেটের সামনে এসে বর্তমান ক্লাব কর্তাদের নামে স্লোগান দিতে শুরু করেন সমর্থকরা। তাঁদের দাবি ছিল, ক্লাবের এই অসময়ের জন্য দায়ী একমাত্র কর্তারা। যেখানে কলকাতার বাকি দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল সাফল্যের মুখ দেখেছে, সেখানে কেন বারবার ব্যর্থ সাদা-কালো ব্রিগেড? কেন বড় মঞ্চে সাফল্য নেই মহমেডান দলের? সমর্থকদের দাবি, তাঁরা একদিকে যেমন এই কর্তাদের পদত্যাগ চান, তেমন পুরো কমিটির পদত্যাগ চান। সমর্থকরা বহুবার কর্তাদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও কর্তাদের গড়িমসির জন্য এই আলোচনা সম্ভব হয়নি। তাই তাঁরা ক্লাবের দরজায় তালা লাগিয়ে দিয়েছেন। তাঁদের দাবি না ওঠা পর্যন্ত এই তালা খোলা হবে না। এমনকি, যদি তাঁদের দাবি মানা না হয়, তাঁরা আরও বৃহত্তর আন্দোলন করবেন।

শনিবার দুই বিধায়ক হুমায়ুন কবীর ও নওশাদ সিদ্দিকীর কাছে ইনভেস্টর আনার প্রস্তাব দিয়ে চিঠি পাঠিয়েছে ক্লাব। এছাড়াও তাদের প্রাক্তন ইনভেস্টর বাঙ্কারহিলের কাছেও আবেদন করেছে মহমেডান। এই মরশুমে তাদের পারফরম্যান্স খুব শোচনীয়। বিদেশী বিহীন দল গড়ার পাশাপাশি অবনমন হয়েছে দলের। তার মধ্যেই এই বিক্ষোভ, ক্লাবের অন্দরমহলের হাড় বের করা রক্তাক্ত অবস্থাটা আবার প্রকট করে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *