শিশুর ছবিতেও থুতু, পানের পিক! শিলিগুড়ি জেলা হাসপাতালের দেওয়ালে শুধুই নোংরা দাগ
যেখানে সেখানে পিক ফেলার প্রবণতা ঠেকাতে হাসপাতাল কর্তৃপক্ষ বছর খানেক আগে অভিনব উপায় বের করেন। সিঁড়ির কোণ, করিডর, দেওয়ালের পাশে টাঙিয়ে দেওয়া হয়েছিল শিশুদের হাসিমুখের ছবি। কোথাও ছোট্ট মেয়ের বড় বড় চোখ, কোথাও আবার সদ্যোজাত শিশুর ঘুমন্ত মুখ। উদ্দেশ্য একটাই-মানুষ অন্তত ছবিগুলোর দিকে তাকিয়ে থুতু, পিক ফেলতে সংকোচ বোধ করবে। প্রথমদিকে কাজও হয়েছিল। হাসপাতাল সুপার চন্দন ঘোষ বলেন, ‘শুরুতে অনেকটাই কমেছিল। রোগীর আত্মীয়রা শিশুর ছবির উপরে পিক ফেলতে সংকোচ করত। কিন্তু ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে এসেছে।’ তাঁর সংযোজন, ‘এখন পরিস্থিতি এমন হয়েছে, হাসপাতালের কয়েকটি অংশে প্রায় একদিন অন্তর রং করাতে হচ্ছে।’