লালগোলায় হোল্ডিং সেন্টারে ৩ বাংলাদেশি, কিনে দেওয়া হচ্ছে খাবার
সরকারের নির্দেশের পরেই মুর্শিদাবাদের লালগোলাতে গড়ে তোলা হয়েছে হোল্ডিং সেন্টার। এমনকী সেখানে কড়া নিরাপত্তার মধ্যে তিন জন বাংলাদেশ অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
রাজ্যে ৯ মে নতুন সরকার গঠিত হয়েছে। তার দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র দপ্তর থেকে রাজ্যের প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ জারি করা হয়। শনিবার জেলাশাসক ও পুলিশ সুপারদের কাছে ওই নির্দেশিকা পাঠানো হয়। সেই মতো শনিবারই লালগোলার বিডিও অভিষেক বিশ্বাস ও লালগোলা থানার আইসি অমিত ভকত যৌথ পরিদর্শনে গিয়ে ওই হোল্ডিং সেন্টার গড়ে তোলার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লালগোলা থানার বাহাদুরপুর পঞ্চায়েত কার্যালয় লাগোয়া ‘পদ্মা ভবন’-এর তিন তলায় ওই হোল্ডিং সেন্টার আপাতত গড়ে তোলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পদ্মা ফিসারম্যান কো-অপারেটিভ সোসাইটির তিন তলা ভবন হচ্ছে ওই বাড়িটি। ভবনের নীচের তলায় রয়েছে সংস্থার অফিস, দোতলাতে বাহাদুরপুর গ্রামীণ ব্যাঙ্কের শাখা এবং তিন তলার অংশটি উৎসব-পার্বনে ভাড়া দেওয়ার জন্য রাখা ছিল। এখন সেই তিন তলার অংশটুকু শনিবারের পর থেকে হোল্ডিং সেন্টার হিসেবে গড়ে তোলা হয়েছে।
লালবাগ মহকুমা শাসক পূজা মীনা জানান, লালগোলায় পদ্মা ভবনে হোল্ডিং সেন্টার করা হয়েছে। এখন সেখানে তিন জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। লালগোলা পুলিশ সূত্রে খবর, ওই তিন বাংলাদেশি বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে লালগোলায় এসে থাকছিলেন। রবিবার তাঁদের গ্রেপ্তার করে সেখানে রাখা হয়েছে। হোল্ডিং সেন্টারে সর্বক্ষণের জন্য পুলিশ মোতায়েন করা রয়েছে। বাইরে থেকে খাবার কিনে নিয়ে গিয়ে খাওয়ানো হচ্ছে। ওই তিন জনের ব্যাপারে জেলা প্রশাসনের তরফে স্বরাষ্ট্র দপ্তরকে জানানো হয়েছে।