ম্যান সিটির এক দশকের সাফল্যের অধ্যায়ের সমাপ্তি, বিদায়বেলায় চোখের জলে ভাসলেন পেপ
মরশুমের শেষ দিকে দল ভালো খেললেও গুয়ার্দিওলা জানিয়েছেন, নতুন মরশুমে আর কোচিং চালিয়ে যাওয়ার মতো শক্তি তাঁর নেই। তাই এই বিদায় সমর্থকদের কাছে আরও বেশি আবেগের হয়ে উঠেছে। রবিবার ম্যাচ শেষ হওয়ার পরেও সমর্থকেরা স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যাননি। পেপ গুয়ার্দিওলাকে আবেগে ভাসছিল গোটা স্টেডিয়াম। অনেকের গায়ে ছিল পেপের নাম লেখা টি-শার্ট। যেন সবাই একসঙ্গে তাঁকে বলতে চাইছিলেন, ‘তুমি আমাদের জন্য যা করেছ, আমরা তা কোনও দিন ভুলব না।’
পেপও যেন সেই মুহূর্তে আবেগ ভেসে গিয়েছিলেন। কখনও হাততালি দিচ্ছিলেন, কখনও মাঠের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়েছিলেন। এক সময় তাঁকে নিজের চোখ মুছতেও দেখা যায়। এত দিনের স্মৃতি হয়তো তখন তাঁর মনেও ঘুরছিল।
চোখের জলে বিদায় সিলভা ও স্টোনসেরও
এই ম্যাচটাই ছিল ম্যানচেস্টার সিটির হয়ে বার্নার্দো সিলভার (Bernardo Silva) এবং জন স্টোনসের (John Stones) শেষ ম্যাচ। ম্যাচ শুরুর আগেই নিজের ছোট মেয়ে কারলোতাকে (Carlota) কোলে নিয়ে মাঠে নামেন সিলভা। তখন থেকেই তাঁকে খুব আবেগপ্রবণ দেখাচ্ছিল। আসলে ক্লাবের সঙ্গে এত দিনের সম্পর্ক যে শেষ হতে চলেছে।
দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়ার সময় বার্নার্দো সিলভা এবং জন স্টোনসকে বিশেষ সম্মান জানানো হয়। ম্যানচেস্টার সিটি এবং অ্যাস্টন ভিলার ফুটবলাররা সারি করে দাঁড়িয়ে তাঁদের ‘গার্ড অব অনার’ দেন। মাঠ ছাড়ার সময় গোটা স্টেডিয়াম জুড়ে ছিল করতালির শব্দব্রহ্ম।