চোট নিয়ে ম্যাচ খেলতে বরুণকে জোর করেছিল KKR? অকপট অজিঙ্ক রাহানে
শেষ কয়েকটি ম্যাচে বরুণকে মাঠে হাঁটার সময় খুঁড়িয়ে চলতেও দেখা গিয়েছে। কখনও মাঠে ঢোকার সময়, কখনও আবার ম্যাচ চলাকালীনও তাঁকে অস্বস্তিতে দেখা যায়। KKR-এর প্রধান কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar) নিজেও জানিয়েছিলেন, বরুণ চোট নিয়েই খেলছিলেন। তার পর থেকেই অনেকের মনে প্রশ্ন উঠতে শুরু করে, KKR কি দলের প্রয়োজনের জন্য বরুণকে চোট নিয়েও খেলতে বাধ্য করেছিল?
রাহানে বললেন, খেলানোর সিদ্ধান্ত তাঁর ছিল না
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারের পর সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অজিঙ্ক রাহানে এই বিতর্ক নিয়ে মুখ খোলেন। তিনি স্পষ্ট জানান, বরুণকে খেলানো হবে কি না, সেই সিদ্ধান্ত তিনি নেননি।
রাহানে বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি এবং KKR-এর চিকিৎসকদের মধ্যে এই নিয়ে আলোচনা হয়েছিল। তাঁর দাবি, ‘আমি এই সিদ্ধান্তে থাকি না। এটা পুরো চিকিৎসকদের কাজ। আমার কাজ হলো, একজন ক্রিকেটার মানসিক ভাবে খেলতে প্রস্তুত কি না, সে খেলতে চাইছে কি না, আর কতটা ঝুঁকি রয়েছে, সেটা দেখা।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই একজন ক্রিকেটারের শরীরের কথা ভাবতে হয়। চোট যেন না বাড়ে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সেটাও দেখি। তবে চিকিৎসকদের মনে হয়েছিল, মাঠে নামলে বরুণের চোট আরও বাড়বে না।’