গ্ল্যামারের আড়ালে অন্ধকার, মদ্যপ ভক্তদের ‘অস্বস্তিকর’ আচরণ নিয়ে বিস্ফোরক ডেইজ়়ি - 24 Ghanta Bangla News
Home

গ্ল্যামারের আড়ালে অন্ধকার, মদ্যপ ভক্তদের ‘অস্বস্তিকর’ আচরণ নিয়ে বিস্ফোরক ডেইজ়়ি

Spread the love

বাইরে থেকে দেখলে বলিউড তারকাদের জীবনটা ভীষণ জমকালো মনে হয়। হাজার হাজার ভক্তের চিৎকার, ক্যামেরার ফ্ল্যাশ আর রাজকীয় অভ্যর্থনা— সব মিলিয়ে যেন রূপকথার পরিবেশ। কিন্তু এই গ্ল্যামারের আড়ালে যে কতটা মানসিক চাপ এবং চরম অস্বস্তিকর মুহূর্ত লুকিয়ে থাকে, তা নিয়ে এ বার মুখ খুললেন ‘জয় হো’ খ্যাত অভিনেত্রী ডেইজ়ি শাহ (Daisy Shah)। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেইজ়ি জানান, পাবলিক অ্যাপিয়ারেন্সের সময় কী ভাবে ভক্তদের অতি-উৎসাহ এবং কিছু ক্ষেত্রে মদ্যপ অনুরাগীদের আচরণ তারকাদের চরম বিপাকে ফেলে দেয়, তা দূর থেকে কেউ কল্পনাও করতে পারেন না।

মডেল-অভিনেত্রী নিজের অভিজ্ঞতা থেকেই জানান, বড় ইভেন্টগুলোতে যখন তিল ধারণের জায়গা থাকে না, তখন চারপাশ থেকে হাজার হাজার মানুষ একসঙ্গে সেলফি তোলার আবদার করতে থাকেন। ডেইজির কথায়, ‘৩,০০০ থেকে ৪,০০০ মানুষের তুমুল চিৎকারের মাঝে অনেকের কথাই কানে পৌঁছনো সম্ভব হয় না। আর তখনই অনেকে মনে করেন আমি তাঁদের ইচ্ছাকৃত ভাবে এড়িয়ে গেলাম। ফলে তাঁরা অত্যন্ত ক্ষুব্ধ ও অপমানিত বোধ করেন।’

কিন্তু পরিস্থিতি আরও জটিল এবং ভীতিপ্রদ হয়ে ওঠে যখন ভিড়ের সুযোগ নিয়ে কিছু মানুষ ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। ডেইজ়ি বলেন, ‘ভিড়ের মধ্যে এমন দু-তিনজন থাকেন, যাঁরা মদ্যপান করে একেবারে গায়ের কাছে চলে আসেন। আমার তখন মনে হয়, আমি কোনওভাবেই এই মানুষগুলোর সঙ্গে কথা বলব না বা কোনো যোগাযোগ রাখব না। কিন্তু চাইলেও সেখানে প্রতিবাদ করতে পারবেন না। কারণ চারপাশে আরও প্রচুর সাধারণ মানুষ এবং মিডিয়া উপস্থিত থাকে।’

অনেকে মনে করতে পারেন তারকারা হয়তো একটু বেশিই খুঁতখুঁতে বা সাধারণ মানুষের থেকে দূরত্ব বজায় রাখতে চান। কিন্তু মনোবিদরা বলছেন, ডেইজ়ি শাহ-এর এই প্রতিক্রিয়া অত্যন্ত স্বাভাবিক এবং মানবিক। অতিরিক্ত অ্যালকোহল বা মদ্যপানের ফলে মানুষের মস্তিষ্কের আচরণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং সামাজিক সৌজন্যবোধ (Social Cues) লোপ পায়। ফলে মদ্যপ ব্যক্তিরা অন্যের ব্যক্তিগত সীমানা (Personal Boundaries) লঙ্ঘন করতে শুরু করে।

মানুষের সহজাত প্রবৃত্তিই হলো তীব্র গন্ধ, নেতিবাচক শারীরিক ভাষা বা অস্বাভাবিক আচরণ দেখলে নিজেকে গুটিয়ে নেওয়া এবং নিজের মানসিক ও শারীরিক সুরক্ষার স্বার্থে দূরত্ব তৈরি করা। ডেইজ়ির ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। তা ছাড়া, তারকাদের ক্ষেত্রে পেশাগত দায়বদ্ধতা এবং সামাজিক ইমেজ বজায় রাখার তাগিদ থাকে। মনের ভিতর চরম অস্বস্তি এবং ক্ষোভ তৈরি হলেও, বাইরে তাঁদের কূটনৈতিকভাবে শান্ত ও নম্র থাকতে হয়। ডেইজ়ি শাহ নিজেও মনে করেন, এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়া গ্ল্যামার ওয়ার্ল্ডের চাকরির একটা অলিখিত অংশ বা ‘পার্ট অ্যান্ড পার্সেল’। তাই কোনও ঝামেলা না বাড়িয়ে চুপচাপ সেখান থেকে সরে আসাই বোধহয় বুদ্ধিমানের কাজ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *