Sonam Kapoor Anand Ahuja London flats: শুধুমাত্র বাড়ির পরিচারকদের থাকার জন্য কিনেছেন পাঁচটি ফ্ল্যাট! পড়শিদের রোষানলে সোনম-আনন্দ | Sonam Kapoor and Anand Ahuja Buy 5 London Flats Worth Rs 51.4 Crore Amidst Local Outrage
সোনম কাপুর (Sonam Kapoor) এবং তাঁর স্বামী আনন্দ আহুজার লন্ডনের রাজকীয় জীবনযাপন নিয়ে চর্চা নতুন কোনও ব্যাপার নয়। ২৭০ কোটি টাকার এক বিলাসবহুল প্রাসাদে এমনিতেই তাঁদের সুখের সংসার। কিন্তু এবার সেই প্রাসাদের কাছেই আরও ৫টি আস্ত ফ্ল্যাট কিনে ফেললেন এই তারকা দম্পতি। যার দাম প্রায় ৫১.৪ কোটি টাকা! তবে আশ্চর্যের বিষয় হল, এই বিপুল পরিমাণ বিনিয়োগে স্থানীয় ব্রিটিশ প্রতিবেশীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কেন? কারণ কানাঘুষো শোনা যাচ্ছে, এই বিলাসবহুল ফ্ল্যাটগুলি নাকি কেনা হয়েছে শুধুমাত্র বাড়ির পরিচারক এবং কর্মীদের থাকার জন্য!
একটি রিপোর্ট অনুযায়ী, লন্ডনের নটিং হিলের মতো অভিজাত এলাকায় প্রায় ৪০ লক্ষ পাউন্ড (৫১.৪ কোটি টাকা) খরচ করে এই রিয়েল এস্টেট বিনিয়োগ করেছে কাপুর-আহুজা পরিবার। আর খবর ছড়াতেই রীতিমতো ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। ডেইলি মেইলের দাবি, স্থানীয়দের অভিযোগ, এই তারকা দম্পতির এক প্রতিনিধি নাকি তাঁদের রীতিমতো হুমকি দিয়েছেন। বলা হয়েছে, স্থানীয়রা এই কেনাবেচায় বেশি আপত্তি জানালে ওই ফ্ল্যাটগুলিকে ‘সোশ্যাল হাউজিং’ বা সরকারি সাহায্যপ্রাপ্ত বাসস্থানে পরিণত করা হবে।
বলাই বাহুল্য, বিলিয়নেয়ারদের এই দাপটে রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা। এক বাসিন্দা সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, “ওঁরা ক্ষমতাবান বলে আমাদের ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে চাইছে। আমরা এখানে মিলেমিশে থাকি, আর কয়েকজন বিলিয়নেয়ার এসে আমাদের শান্ত পাড়াটাকে নিজেদের খেলার মাঠ বানিয়ে ফেলছে। এটা কখনও মেনে নেওয়া যায় না। গোটা বিষয়টাতেই একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি!”
যদিও বিতর্কের আগুন ছড়াতে দেখে তড়িঘড়ি আসরে নেমেছেন সোনম ও আনন্দের প্রতিনিধি। তাঁরা সংবাদমাধ্যমকে স্পষ্ট জানিয়েছেন, ওই বিতর্কিত কোম্পানির সঙ্গে কাপুর পরিবারের সরাসরি কোনও যোগ নেই। এই ৫টি ফ্ল্যাট শুধুমাত্র ভবিষ্যৎ বিনিয়োগের উদ্দেশ্যেই কেনা হয়েছে, কাউকে ভয় দেখানোর জন্য নয়। তবে পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে রিয়েল এস্টেটে জলের মতো টাকা ওড়াচ্ছেন তাঁরা। এর আগে নিজেদের লন্ডনের প্রাসাদটি সাজাতেই তাঁরা খরচ করেছিলেন প্রায় ৬০.৪ কোটি টাকা! এছাড়া দিল্লি ও মুম্বইতেও তাঁদের একাধিক সম্পত্তি রয়েছে।
একদিকে যখন লন্ডনের প্রতিবেশীদের রাতের ঘুম উড়ে গিয়েছে, তখন সোনম ও আনন্দ নিজেদের পারিবারিক জীবন নিয়ে বেশ ব্যস্ত। গত ২৯ মার্চ, ২০২৬-এ তাঁদের দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম হয়েছে। বড় ছেলে বায়ু এবং সদ্যোজাতকে সঙ্গে নিয়ে আপাতত লন্ডনেই পাকাপাকিভাবে থিতু হয়েছেন বলিউডের ‘ফ্যাশন আইকন’।