রাস্তায় ছড়িয়ে শয়ে শয়ে ভোটার কার্ড! শোরগোল বহরমপুরে, তদন্তের দাবি
এই সময়, বহরমপুর: এক মাসও হয়নি রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হয়েছে। তার মধ্যেই রাস্তায় ছড়িয়ে থাকতে দেখা গেল শয়ে শয়ে বৈধ ভোটার কার্ড! ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে শোরগোল পড়ে যায় মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কিষান ঘোষ লেন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে আচমকা ওই রাস্তার উপরে প্রচুর ভোটার কার্ড ছড়িয়ে পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। কৌতূহলবশত সেগুলি কুড়িয়ে দেখতেই তাঁরা হতবাক হয়ে পড়েন। দেখা গিয়েছে, প্রতিটি ভোটার কার্ড–ই বৈধ! সেখানে নতুন এবং পুরোনো—দু’ধরনের কার্ড ছিল। সব মিলিয়ে প্রায় ২০০টি কার্ড সেখানে পড়েছিল। ওই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ সব ভোটার কার্ড উদ্ধার করে থানায় নিয়ে আসে।