প্রায় চার মাস পরে নক্ষত্রে বদলাবে শনি, তার আগেই বড়ঠাকুরের কৃপায় উন্নতির গ্রাফ শীর্ষে পৌঁছবে ৪ রাশির
শনি কর্মফলের কারক, যে ব্যক্তির যেমন আচরণ, তাঁকে সেই অনুসারে ফল দান করেন সূর্যপুত্র। জ্যোতিষশাস্ত্রে এই গ্রহ আবার নিষ্ঠুর গ্রহ রূপেই পরিচিত। শনির ক্রুর দৃষ্টি কারও উপর পড়লে তাঁর পতন নিশ্চিত। ছাড় পান না দেবতারও। তাই বৈদিক জ্যোতিষমতে শনির নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সৌরজগতের সবচেয়ে ধীরগতির গ্রহ শনি, সম্প্রতি নক্ষত্র পরিবর্তন করে রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে। গত ১৭ মে রেবতী নক্ষত্রে রয়েছেন বড়ঠাকুর। ৯ অক্টোবর পর্যন্ত শনি এই নক্ষত্রেই অবস্থান করবে। জ্যোতিষ মতে, এই প্রায় চার মাস সময়ে কয়েকটি রাশির জীবনে বড় পরিবর্তন ঘটতে পারে। শনির আশীর্বাদেই সৌভাগ্যের শুরু হতে পারে জীবনে। বিশেষ করে অর্থ, কর্মজীবন, সম্পর্ক ও মানসিক শান্তির ক্ষেত্রে ইতিবাচক ফল মিলতে পারে। কোন কোন রাশির উপর থাকবে শনির বিশেষ আশীর্বাদ?
বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের জন্য এই সময় অত্যন্ত শুভ বলেই মনে করা হচ্ছে। শনির রেবতী নক্ষত্রে প্রবেশ তাঁদের জীবনে আশীর্বাদের মতো কাজ করতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে আর্থিক পরিস্থিতি অনেকটাই শক্তিশালী হবে। চাকরির ক্ষেত্রে পদোন্নতি বা পছন্দের জায়গায় বদলির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্যও সময়টি লাভজনক হবে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে ভালো সময়, পুরোনো ব্যবসা সম্প্রসারণের সুযোগও মিলবে। পাশাপাশি নতুন সম্পর্কের সূচনাও হতে পারে।
মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের জন্য শনি কেরিয়ারে বড় পরিবর্তন ঘটাতে পারে। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে নতুন চাকরির অপেক্ষায় ছিলেন, তাঁরা সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে সিনিয়রদের প্রশংসা পাবেন, নিজের প্রতিভা প্রমাণ করার সুযোগ মিলবে। বিদেশের সঙ্গে কোনও ব্যবসা করলে, তাঁদের উন্নতির সম্ভাবনা সবচেয়ে বেশি। বিদেশে চাকরির ক্ষেত্রেও লাভের সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ কমবে এবং দীর্ঘদিনের কোনও বিবাদ বা আইনি জটিলতা এবার মিটবে বলেই মনে করা হচ্ছে।
তুলা রাশি

তুলা রাশির জাতকদের উপরও শনির বিশেষ কৃপা বজায় থাকবে। জ্যোতিষ মতে, শনি ও শুক্র পরস্পরের বন্ধু। তুলা রাশির অধিপতি হলেন শুক্র। তাই এই সময় ভাগ্য প্রতিটি পদক্ষেপে উন্নতিতে সাহায্য করবে। সম্পত্তি বা গাড়ি কেনার সুযোগ আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। জীবনে হঠাৎ করেই আরাম-আয়েশ ও সুখ-সুবিধা বৃদ্ধি পেতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন সঙ্গীর আগমনও সম্ভব। পরিবারে শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক কাজের যোগ রয়েছে।
ধনু রাশি

ধনু রাশির জাতকদের এই সময়ে আর্থিক উন্নতির সম্ভাবনার রয়েছে। জাতকদের আয় বাড়বে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় ও বিনিয়োগে বড় সাফল্য মিলতে পারে। নতুন কাজ বা ব্যবসা শুরু করার জন্য এই সময়টি অনুকূল। ব্যক্তিগত জীবনেও সুখ ও শান্তি বজায় থাকবে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হতে পারে।