উত্তরের এইমস-বঞ্চনায় ইতি, কেন্দ্রের কাছে হাসপাতাল তৈরির প্রস্তাব পাঠাচ্ছে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্যদিকে, এ দিন রাজ্যের মন্ত্রী নিশীথ বলেছেন, ‘কোচবিহারে এইমস এর ধাঁচের হাসপাতাল তৈরি হতে পারে। সেটা চেষ্টা করা হচ্ছে মাথাভাঙায় করার।’ তাঁর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরেই শুধু রায়গঞ্জ নয়, এবার এইমস-এর দাবিদার হিসেবে উঠে আসছে কোচবিহার জেলাও। জেলায় এমনিতে এমজেএন মেডিক্যাল কলেজ রয়েছে। তবে তা পর্যাপ্ত নয়। উন্নত চিকিৎসার জন্য সবাইকে ছুটতে হয় কলকাতায় কিংবা দক্ষিণ ভারতে। এই পরিস্থিতিতে এইমস-এর মতো হাসপাতাল তৈরি হলে বহু মানুষ উপকৃত হবেন। এইমস-এর দাবিদার উত্তরবঙ্গের অঘোষিত রাজধানী শহর শিলিগুড়িও। প্রত্যেকদিন এখানে হাজার হাজার মানুষ আসেন। উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবেও শিলিগুড়ির গুরুত্ব অপরিসীম। আইএমএ-র শিলিগুড়ির সহ-সভাপতি শঙ্খ সেন বলেন, ‘উত্তরবঙ্গে এইমস হওয়াটা খুব জরুরি। নির্দিষ্ট জায়গার নাম বলতে হলে আমি শিলিগুড়ির জন্যই সওয়াল করব। কেন না, শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। পাহাড় এবং সিকিমের বাসিন্দারাও উপকৃত হবে। তবে যেখানেই হোক, তা নিয়ে নিজেদের মধ্যে নতুন করে দ্বন্দ্বে জড়াতে চাইছেন না উত্তরের বড় শহরগুলির বিশিষ্টজনেরা। উত্তরবঙ্গে এমন অত্যাধুনিক হাসপাতাল তৈরি হলে বহু মানুষ উপকৃত হবেন, এই বিষয়টিই অধিক গুরুত্বপূর্ণ তাঁদের কাছে।
(তথ্য সহায়তা: নীলাঞ্জন দাস, চাঁদকুমার বড়াল এবং সঞ্জয় চক্রবর্তী)