Mamata Banerjee: ‘জিতলেই যদি? তবে মানুষ কেন আতঙ্কিত?’ ‘দখল’ নিয়ে কলম ধরলেন মমতা | TMC Supremo Mamata Banerjee Writes another Poem, Questions Fear and Arrests After Regime Change
নতুন কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
কলকাতা: রাজ্যে পালাবদলের পর ফের কলম ধরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে ইংরেজিতে ‘Brave’ নামে একটি কবিতা লিখেছিলেন। এবার বাংলায় কবিতা লিখলেন মমতা। ‘দখল’ নামে সেই কবিতায় বুলডোজার, অত্যাচারের কথা উল্লেখ করেছেন। কবিতাতেই প্রশ্ন তুলে মমতা লিখেছেন, ‘জিতলেই যদি? তবে মানুষ কেন আতঙ্কিত?’
কবিতায় কী লিখলেন মমতা?
নতুন এই কবিতার শুরুতেই মমতা লিখেছেন, ‘দখল মুক্ত করতে হবে / অসহায় দুর্বল মানুষদের। আর কত বুলডোজার? আর কতো অত্যাচার? আর কতো দানবিকতা? নেতার তাবেদার এখন ডান্ডাওয়ালা রক্ষাকর্তারা!’ রাজ্যে পালাবদলের পর দিকে দিকে দুর্নীতি-সহ বিভিন্ন অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হচ্ছে। কবিতায় সেই নিয়ে প্রশ্ন তুলে মমতা লিখেছেন, ‘শতশত গ্রেপ্তার কেন? কত পুরস্কার পাচ্ছে?’
কটাক্ষের সুরে কবিতায় মমতা লিখেছেন, ‘জঞ্জাল এ ঢেকেছে তোমাদের শরীর/ নিজেদের মনের জঞ্জালকে/ আগে দখল মুক্ত করো।’ কবিতায় নাম না করে বিজেপিকে নিশানা করে তিনি লেখেন, ‘জিতলেই যদি? তবে মানুষ কেন আতঙ্কিত? কেনোই না সন্ধেতে/ নামছে মধ্যরাত? ভেবেছো কি একবার?’
রাজনীতির কারবারিরা বলছেন, নতুন সরকারের পদক্ষেপগুলিকে নিশানা করেই এই কবিতা লিখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা। কয়েকদিন আগেই ইংরেজিতে কবিতা লিখেছিলেন তিনি। কবিতার শিরোনাম ছিল ‘Brave’ অর্থাৎ সাহসী। সেই কবিতায় মমতা বার্তা দিয়েছিলেন, ‘সাহসী এবং শক্তিশালী হও, যদি তুমি সর্বদা আত্মবিশ্বাসী হও, তাহলে কেউ তোমায় ছুঁতে পারবে না।’ সেই কবিতায় তিনি আরও বার্তা দিয়েছিলেন, ‘নিজের ভালো কাজের প্রতি আত্মবিশ্বাসী হও, শয়তানরা থাকবে না।’
১৫ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শত ব্যস্ততার মধ্যেও সময় পেলেই কবিতা, গান লিখেছেন। রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের বিরুদ্ধে সরব হতে সেই কলমকেই কি হাতিয়ার করছেন তিনি?