রণক্ষেত্র ইম্পার অফিস! অসুস্থ হয়ে পড়লেন পিয়া সেনগুপ্ত, নিয়ে যাওয়া হলো হাসপাতালে
বৈঠক ছেড়ে বেরিয়ে এসে পিয়া সেনগুপ্ত অভিযোগ করেন, ইম্পার বাইরের লোকজনকে ইচ্ছাকৃত ভাবে ভিতরে আনা হয়েছে। তাঁর দাবি, কিছু পিআর কর্মী এবং বহিরাগতদের মিটিংয়ে ঢুকিয়ে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে। এমনকী পুলিশের সামনেও তাঁকে হেনস্থা করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ক্ষোভ উগরে দিয়ে পিয়ার প্রশ্ন, ‘এটা কি কোনও রাজনৈতিক দলের অফিস, যেখানে বাইরে থেকে লোক এনে অশান্তি করা হবে? আমি থানায় যাব।’ পাশাপাশি তিনি অভিযোগ করেন, মিটিংয়ে তাঁকে শারীরিক হেনস্থারও চেষ্টা করা হয়।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠায় থানায় যাওয়ার সিদ্ধান্তও নেন তিনি। পিয়া জানান, বৈঠকে এমন বহু মানুষ ছিলেন যাঁরা ইম্পার সদস্যই নন। তাই তাঁদের উপস্থিতিতে কোনও সাংগঠনিক আলোচনা হতে পারে না বলেই মত তাঁর। পাশাপাশি কয়েকজন প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধেও বহিরাগত আনার অভিযোগ তোলেন তিনি।