‘নারী হয়ে জন্মানোটা পাপ…’, কোন ঘটনায় এমন অনুভূতি কুনিকার?
কুনিকা সদানন্দ বরাবরই স্পষ্টবক্তা ও নির্ভীক হিসেবে ইন্ডাস্ট্রিতে সুপরিচিত। তিনি বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক ও সামাজিক বেশ কিছু বিষয় নিয়ে সোচ্চার। যার ফলে ৬২ বছর বয়সি এই অভিনেত্রী ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছেন এবং হুমকিও পাচ্ছেন। তবে এ বার কুনিকা সদানন্দের সঙ্গে এমন কিছু ঘটেছে, যা তাঁকে ভীষণ ভাবে যন্ত্রণা দিচ্ছে বলা চলে। কেন কুনিকা মনে করেন ভারতে নারী হয়ে জন্মানোটা পাপ?
ঘটনার সূত্রপাত, একটি এক্স পোস্ট থেকে। যিনি এক্স-এ কুনিকা সদানন্দের একটি সিনেমার ক্লিপ শেয়ার করেছিলেন। সেখানে অমরিশ পুরি ও কুনিকাকে একটি সুইমিং পুলে রোম্যান্স করতে দেখা গিয়েছে। কুনিকাকে নিয়ে একটি পোস্টে লেখা হয়েছে, ‘এই সেই মহিলা, যিনি আদর্শের পতাকা বহন করেন এবং প্রতিদিন প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেন।’
এর পরেই একের পর এক অশ্লীল মন্তব্য করা শুরু হয় কুনিকাকে নিয়ে। কেউ কেউ কুনিকার পাশেও দাঁড়ান। অশালীন শব্দেরও ব্যবহার করা হয়। একজন নারী এক্স-এ সেই কমেন্টগুলোর একটি স্ক্রিনশট শেয়ার করে কুনিকার পক্ষ নেন। এবং যারা তাঁকে টার্গেট করেছেন, তাঁদের তিরস্কারও করেছেন।
তবে নেটদুনিয়ায় অনেকেই পিছু হটে যাওয়ার পাত্র নয়। কুনিকা সদানন্দের রোম্যান্টিক দৃশ্যের বিভিন্ন ক্লিপ শেয়ার করে অভিনেত্রীকে তীব্র আক্রমণ করতে থাকেন। এক্স-এ এক ব্যক্তি লিখেছেন, ‘এটাকে অভিনয় বলে না, এটাকে বলে কামবাসনা। যদি টাকার জন্য এতটা কামুক অভিনয় করতে পারো, তা হলে টাকার জন্য আরও বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করাও সম্ভব।’
কুনিকা এক্স-এ লিখেছেন, ‘এই দেশে নারী হয়ে জন্মানোটা পাপ হয়ে গিয়েছে। নারীদের মারধর করো, পুড়িয়ে মারো, খুন করো, ধর্ষণ করো। তাদের গালিগালাজ করো, বদনাম করো, ভ্রূণহত্যা করো, অপমান করো, তাদের অধিকার ও সুযোগ কেড়ে নাও। এই দেশে এখন সবই অনুমোদিত।’