স্নাতকে ভর্তির ঢল, আড়াই দিনে দেড় লক্ষ পড়ুয়ার সাত লক্ষ আবেদন
এই সময়: মাত্র আড়াই দিনে অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে স্নাতকে ভর্তির জন্যে সাত লাখ আবেদন জমা পড়ল। উচ্চশিক্ষা দপ্তরের এক আধিকারিক বৃহস্পতিবার রাতে জানান, এখনও পর্যন্ত ১ লাখ ৬১ হাজার ১৮৮ জন উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ ছাত্রছাত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নানা কোর্সে ভর্তির জন্যে ৬ লাখ ৯৭ হাজার ৪৩৬টি আবেদন করেছেন। এ বার ৪৬০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মোট আসন ৮ লাখ ৯৯ হাজার ৫৩৮টি। ইতিমধ্যে ১ লাখ ৩৬ হাজার পড়ুয়া তাঁদের প্রোফাইল কমপ্লিট করেছেন।
উচ্চশিক্ষা প্রশাসকদের দাবি, এ বার উচ্চ মাধ্যমিক, আইএসসি এবং সিবিএসই দ্বাদশের ফল প্রকাশের পরে পরেই কেন্দ্রীয় পোর্টালের (ক্যাপ) মাধ্যমে ভর্তির আবেদন শুরু হয়েছে। ফলে ছাত্রছাত্রীদের মধ্যে আবেদনের হিড়িক পড়ে গিয়েছে। এ বছর শুধু উচ্চ মাধ্যমিক পাশ করেছেন ৫ লাখ ৭১ হাজার ৩৫৫ জন ছাত্রছাত্রী। গত বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন ৪ লাখ ৩০ হাজার ২৬৭ জন।
এ দিকে, উচ্চশিক্ষা দপ্তর সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, যে সব বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কলেজ রয়েছে, তারা স্নাতকোত্তরে নিজেদের ৮০ শতাংশ ও অন্য বিশ্ববিদ্যালয়ের ২০ শতাংশ পড়ুয়া ভর্তি করতে পারবে। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় আগেই সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছিল, সেই অনুপাত হবে ৬০:৪০। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার বৈঠকে সেই সিদ্ধান্ত বহালই রেখেছেন।
উপাচার্য আশুতোষ ঘোষ বৃহস্পতিবার বলেন, ‘নয়া শিক্ষানীতিতে তিন বছরের পরে (অর্থাৎ, বর্তমানে ষষ্ঠ সেমেস্টার) যে সব ছাত্রছাত্রী স্নাতকের পরে দু’বছরের মাস্টার্স পড়বে, এমন ৬০ শতাংশ এ বছর ভর্তি হতে পারবেন। কিন্তু পুরোনো চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের পড়ুয়ারা ৪০ শতাংশে ভর্তির আবেদন করতে পারেন। তাঁরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হলেও ‘নিয়মিত’ পড়ুয়া নন। সে জন্যেই তাঁরা ওই বাকি ৪০ শতাংশের মধ্যে নথিভুক্ত হবেন।’ তাঁর সংযোজন, এর ফলে ৪০ শতাংশের মধ্যে সিংহভাগই কলকাতার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীই থাকবেন।