Sandip Ghosh: সন্দীপ ঘোষ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল সরকার | Kolkata Municipal Corporation Declares Illegal Construction at Former RG Kar Principal Sandip Ghosh’s House
কলকাতা: এবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি নিয়েও শোরগোল। বাড়ির একাধিক জায়গায় হয়েছে অবৈধ নির্মাণ। সেটাকেই বেআইনি ঘোষণা করল কলকাতা পৌরসভা। কলকাতা পুরসভার নকশার অনুমোদনের বাইরে গিয়ে একাধিক নির্মাণ করা হয়েছে বলে জানানো হল পুরসভার তরফে।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পর থেকেই সন্দীপ ঘোষের বাড়ি নিয়ে অভিযোগ উঠেছিল। দীর্ঘদিন ধরেই শুনানি চলছিল। চাপানউতোরও কম হয়নি। এরইমধ্যে রাজ্যে পালাবদলের পর থেকেই শহরে বেআইনি নির্মাণ নিয়ে একের পর এক কড়া পদক্ষেপ করছে সরকার। তা নিয়ে রাজনৈতিক মহলের পাশাপাশি প্রশাসনিক-রাজনৈতিক মহলেও বিস্তর চর্চা চলছে।
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পরেই ফের খুলে গিয়েছে আরজি কর ফাইল। একের পর বড়সড় পদক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুদিন আগেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর ছাড়পত্র দিয়েছেন তিনি। এদিকে সন্দীপ ঘোষ সংক্রান্ত মামলা ঝুলে ছিল দীর্ঘদিন থেকেই। নতুন সরকার আসতেই সেই জট কেটে গেল। নিজেই পোস্ট করে সে কথা জানান মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সন্দীপের বিরুদ্ধে বিচার শুরুর অনুমতি দেওয়া হচ্ছিল না। কিন্তু বিজেপি সরকার সেই অনুমতি দিতে দেরি করল না। এবার তাঁর বাড়ির অবৈধ অংশ নিয়েও চলছে চাপানউতোর।