Debraj Chakraborty: ‘চুনোপুঁটির পর দেবরাজ’, গ্রেফতারের টাইমলাইন ঠিক করে দিলেন তরুণজ্যোতি | BJP MLA Tarunjyoti Tewari targets Debraj Chakraborty after arrest of Close Aide in Extortion Case
দেবরাজ চক্রবর্তীকে নিয়ে কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?Image Credit: TV9 Bangla
রণজিৎ ধর
কলকাতা: ৪ মে বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকে তাঁকে প্রকাশ্যে দেখতে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী অদিতি মুন্সি রাজারহাট-গোপালপুর আসনে হেরে গিয়েছেন। রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে। এই আবহে বিধাননগর পৌরনিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে নিয়ে বাড়ছে গুঞ্জন। তাঁর ঘনিষ্ঠ সহযোগী অমিত চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। এবার রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি দেবরাজের গ্রেফতারি নিয়ে বড় মন্তব্য করলেন।
কী বললেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি?
দেবরাজ চক্রবর্তীর সহযোগীকে পুলিশ গ্রেফতার করার পর এক ভিডিয়ো বার্তায় তরুণজ্যোতি তিওয়ারি বলেন, “দেবরাজের ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার হয়েছেন। তাকে দিয়ে দেবরাজ তোলাবাজি করত। আপনাদের সবার মনে রয়েছে, প্রোমোটারকে মারধর করে তোলা তোলার ঘটনা। তারপর পুলিশ ম্যানেজ করে, তৎকালীন সরকারি কৌসুঁলিকে ম্যানেজ করে কোনওরকমে জামিন পেয়েছিল। আজকে সে গ্রেফতার হয়েছে।”
এরপরই দেবরাজের গ্রেফতারির সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “যাই হোক, ছোট তোলাবাজ গ্রেফতার হয়েছে। আশা করব, পুলিশ তাড়াতাড়ি এই তোলাবাজদের বাবা অর্থাৎ দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করবে। এই ছোট তোলাবাজরা চুনোপুঁটি। দেবরাজের কাছে যা টাকা রয়েছে, তার উৎস কী জানা দরকার। দেবরাজ হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সহযোগী। এই এলাকায় গরু, কয়লা, চাকরি বিক্রি থেকে শুরু করে সিন্ডিকেট, সবকিছুর মূল পান্ডা হল এই দেবরাজ। আজকে এই ছোট তোলাবাজ গিয়েছে, কালকে দেবরাজ যাবে, অপেক্ষা করুন।”
প্রসঙ্গত, ২০২৫ সালে ডিসেম্বর মাসে এক প্রোমোটারকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে অমিত চক্রবর্তীকে। অভিযোগ, বাগুইআটি থানার অন্তর্গত রঘুনাথপুরে প্রোমোটার কিশোর হালদারের কাছ থেকে ৫০ লক্ষ টাকা তোলা দাবি করেছিল অমিত। তিন লক্ষ টাকা দেওয়ার পর প্রোমোটার আর টাকা দিতে অস্বীকার করায় তাঁকে বন্দুকের বাট এবং রড দিয়ে মেরে রক্তাক্ত করা হয়। এরপরই বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত প্রোমোটার। সেই মামলাতে অমিতকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ।