প্লে-অফের আগে শক্তি বাড়ল RCB-র, দলে ফিরছেন এই মারকুটে ব্যাটার - 24 Ghanta Bangla News
Home

প্লে-অফের আগে শক্তি বাড়ল RCB-র, দলে ফিরছেন এই মারকুটে ব্যাটার

Spread the love

শেষ ল্যাপে চলে এসেছে IPL-এর লিগস্তরের খেলা। দশটি দলের প্রত্যেকেই খেলে ফেলেছে অন্তত ১২টি করে ম্যাচ। এদের মধ্যে প্লে-অফে জায়গা পাকা করে ফেলেছে তিনটি দল। সেই তালিকায় রয়েছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর প্লে-অফের লড়াইয়ে নামার আগে শক্তি বাড়ল RCB-র। চোটের জন্য প্রায় এক মাস খেলতে পারেননি তারকা ওপেনার ফিল সল্ট। রিহ্যাবের জন্য ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন তিনি। এ বার ফিট হয়ে সল্ট যোগ দিচ্ছেন স্কোয়াডে। কবে মাঠে নামবেন তিনি?

১৮ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন ফিল সল্ট। বাউন্ডারি লাইনের ধারে ডাইভ মেরে বল ধরতে গিয়ে বাঁহাতের আঙুলে চোট পান তিনি। তারপর থেকে বেঙ্গালুরুর হয়ে একটাও ম্যাচ খেলেননি সল্ট। দেশে ফিরে গিয়েছিলেন চিকিৎসার জন্য। একাধিক রিপোর্টে প্রকাশ, চলতি সপ্তাহের শেষেই RCB স্কোয়াডে যোগ দেবেন তিনি। ২২ মে গ্রুপস্তরের শেষ ম্যাচে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে বেঙ্গালুরু। তবে সেই ম্যাচে সল্টের খেলার সম্ভাবনা কম।

চোট সারিয়ে RCB শিবিরে সল্টের যোগদানের এটাই সবচেয়ে ভালো সময় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেব্‌লে শীর্ষে রয়েছে RCB। শেষ ম্যাচ জিতে পয়েন্ট টেব্‌লে প্রথম দুইয়ে শেষ করে কোয়ালিফায়ার-১ খেলাই তাদের লক্ষ্য। এমন আবহে দলে সল্টের যোগদান বড় সুখবর RCB-র জন্য।

কারণ আঙুলে চোট পাওয়ার আগে বেঙ্গালুরুর হয়ে দারুণ ছন্দে ছিলেন ফিল সল্ট। ৬ ম্যাচ খেলে ৩৩.৬৭ গড়ে মোট ২০২ রান করেছেন তিনি। বিরাট কোহলির সঙ্গে ওপেনে নেমে মারকাটারি ইনিংস খেলে জুটি গড়েছেন একের পর এক ম্যাচে। তাই প্লে-অফের আগে ইংল্যান্ডের এই ব্যাটারের ফিট হয়ে ওঠায় স্বস্তিতে বেঙ্গালুরুর সমর্থকরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *