প্রেম করে বিয়ের ‘শাস্তি’, বরের পুরো গ্রামে আগুন লাগিয়ে দিল কনের আত্মীয়-স্বজন, পুড়ে ছাই ১০০ বাড়ি
দিনটা ছিল ৫ মে। বিয়ের ঠিক দশ দিন পরেই ঘটনা। গভীর রাত। গ্রামের সবাই তখন ঘুমোচ্ছে। চুপিসাড়ে আরাইন গ্রামে ঢুকে পড়লেন জনা পঞ্চাশ লোক। কালবিলম্ব না করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলেন তাঁরা। বিকট শব্দে ঘুম চোখে বাইরে বেরিয়ে আসেন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে যেদিকে পারেন পালাতে শুরু করেন। আর যাঁরা পারেনি, তাঁদের ঘর থেকে টেনে বের করে এনে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় ঘর, আসবাব, সঞ্চয়— মানুষের বেঁচে থাকার শেষ সম্বলটুকুও।