‘গরুকে আদর করলেই কমবে ব্লাড প্রেশার!’ ফের গোমাতা-তত্ত্বে সরব দিলীপ - 24 Ghanta Bangla News
Home

‘গরুকে আদর করলেই কমবে ব্লাড প্রেশার!’ ফের গোমাতা-তত্ত্বে সরব দিলীপ

Spread the love

কলকাতা: গরুর দুধে সোনা থাকা কিংবা ‘দেশি গরু মা, জার্সি গরু মাসিমা’, গোমাতা নিয়ে অতীতে তাঁর একাধিক মন্তব্য ঘিরে তুমুল শোরগোল হয়েছিল রাজনৈতিক ও সামাজিক মহলে। তবে সমালোচনা …

কলকাতা: গরুর দুধে সোনা থাকা কিংবা ‘দেশি গরু মা, জার্সি গরু মাসিমা’, গোমাতা নিয়ে অতীতে তাঁর একাধিক মন্তব্য ঘিরে তুমুল শোরগোল হয়েছিল রাজনৈতিক ও সামাজিক মহলে। তবে সমালোচনা বা বিতর্ক যাই হোক না কেন, নিজের অবস্থানে বরাবরই অনড় বিজেপি নেতা তথা রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ। এবার উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতেও গরুর এক অভিনব মাহাত্ম্য তুলে ধরলেন তিনি। (Dilip Ghosh Cow Remark)

মঙ্গলবার উত্তর কলকাতার কাঁকুড়গাছিতে এক প্রাতভ্রমণকালীন ‘চা-চক্রে’ যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই গরুর উপকারিতা নিয়ে বলতে গিয়ে তিনি দাবি করেন, ‘‘গরুকে আদর করলে ব্লাড প্রেশার কমে যেতে পারে।” এখানেই শেষ নয়, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা (তাঁর নিজস্ব মতে) দিতে গিয়ে মন্ত্রী আরও যোগ করেন, “গরুর গলকম্বল বা পিঠের কুঁজে হাত বোলালে রক্তচাপ দ্রুত নেমে আসে।’’

দিলীপের মুখে গোবরের গুণগান

শুধু রক্তচাপই নয়, এদিন গোবরের রোগ নিরাময় ক্ষমতা নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। নিজের এক আত্মীয়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘‘শরীরের ফোলা অংশে গরুর গোবর লাগানোর পর অসুখ কমে গিয়েছিল।’’ উল্লেখ্য, দুগ্ধ শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী এবং গোশালার মালিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষের। আর সেই বৈঠকের আগেই গরুর এই গুণাগুণ গাইলেন তিনি।

পুরনো স্মৃতি ও প্রজ্ঞা ঠাকুরের সুর

কয়েক বছর আগে দিলীপ ঘোষের সুরেই ঠিক একই দাবি করতে শোনা গিয়েছিল মধ্যপ্রদেশের বিজেপির প্রাক্তন সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুরকে। তিনি দাবি করেছিলেন, গরুর পিঠে হাত বোলালে রক্তচাপ কমে। তবে দিলীপ ঘোষের গরু-পুরাণ নতুন কিছু নয়। ২০১৯ সালে বর্ধমানের এক জনসভা থেকে তিনি দাবি করেছিলেন, দেশি গরুর কুঁজে ‘স্বর্ণনাড়ি’ থাকে, যা সূর্যের আলো থেকে সোনা তৈরি করে। তাই দেশি গরুর দুধে সোনার উপাদান থাকে। করোনাকালে গোমূত্র খাওয়ার দাওয়াই দিয়েও তুমুল ট্রোলের মুখে পড়েছিলেন তিনি।

তবে সমালোচকদের বরাবরের মতোই উড়িয়ে দিয়ে মন্ত্রীর চেনা মেজাজের খোঁচা, ‘‘আমি গরুর কথা বললেই অনেকে অস্বস্তিবোধ করেন। আসলে গাধারা কখনও গরুর মর্ম বুঝবে না।’’

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *