স্যালোঁতে লাইন নয়, বাড়িতেই ম্যাজিক! মুহূর্তে নখের রং বদলাবে AI কিট - Bengali News | Skip Salons! This AI Nail Polish Kit Changes Colours in Seconds - 24 Ghanta Bangla News
Home

স্যালোঁতে লাইন নয়, বাড়িতেই ম্যাজিক! মুহূর্তে নখের রং বদলাবে AI কিট – Bengali News | Skip Salons! This AI Nail Polish Kit Changes Colours in Seconds

Spread the love

সকালে অফিস? নরম গোলাপি। বিকেলে পার্টি? ঝকঝকে লাল। রাতে ডিনার? গাঢ় কালো। যাঁরা সাজতে ভালোবাসেন তাঁরা যদি শুকোনোর ঝামেলা ছাড়াই যখন ইচ্ছা নেলপলিশ পরতে পারেন কেমন হয় বলুন তো? যেতে হবে না পার্লারেও।

প্রযুক্তি এবার ঢুকে পড়েছে একেবারে নখের সাজঘরে। বাজারে এসেছে এমন এক এআই নেল পলিশ কিট, যা স্যালোঁর লাইনে দাঁড়ানো, শুকোনোর অপেক্ষা, রিমুভার ঘষে নখ নষ্ট করা সবকিছু থেকেই দিতে পারে মুক্তি। এই কিটের আসল ম্যাজিক লুকিয়ে আছে একটি স্মার্ট অ্যাপে। মোবাইলে অ্যাপ খুলুন। ৪০০-রও বেশি রঙের ভাণ্ডার থেকে রং পছন্দ করুন। তারপর বিশেষ ‘ম্যাজিক ওয়ান্ড’-এ নখটি ঢোকান। কয়েক সেকেন্ড। ব্যস। রং বদলে যাবে চোখের সামনে।

কিটের ভেতরে থাকে বিভিন্ন মাপের প্রেস-অন নখ। সঙ্গে থাকে রং বদলানোর ডিভাইস, ইউএসবি চার্জিং কেবল, আঠা, দ্রুত শুকোনো টপকোট, নখ মসৃণ করার সরঞ্জাম। অর্থাৎ আলাদা করে কিছু কিনতে হবে না। পুরোটাই এক বাক্সে। সবচেয়ে বড় সুবিধা? একই নখে দিনে একাধিক লুক। সকাল-বিকেল-রাত, মনের মতো বদল। কোনও রিমুভার নেই। অপেক্ষাও নেই। নেই নেলপলিশ ঘেঁটে যাওয়ার ঝামেলা।

ফ্যাশন প্রেমীদের নিশ্চয় জানতে ইচ্ছা করছে কত দাম এই কিটের? এই কিটের দাম প্রায় ৯৫ ডলার , অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক সাড়ে আট হাজার টাকার কাছাকাছি। পরে যদি শুধু নতুন নখের সেট চান, খরচ অনেক কম। প্রায় ছয় ডলারের মতো। কোম্পানির দাবি, এতে ব্যবহার করা উপকরণ নখের ক্ষতি করবে না। তবে যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁদের আগে পরীক্ষা করে নেওয়াই ভালো। এখন প্রশ্ন একটাই স্যালোঁ কি তাহলে ধীরে ধীরে অতীত হতে চলেছে? সেই উত্তর সময় বলবে। তবে আপাতত এটুকু নিশ্চিত, যাঁরা ব্যস্ত জীবনে সাজগোজে সময় বাঁচাতে চান, তাদের কাছে এই এআই নেল পালিশ কিট সত্যিই লাইফ সেভার হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *