Aadhaar Card: বন্ধ হয়ে যাচ্ছে এম-আধার অ্যাপ, আধার কার্ড আপডেটে এবার নয়া নিয়ম | Free Aadhaar Update Deadline Extended Till June 2027, UIDAI Announces Big Relief for Users
নয়া দিল্লি : ভারতের লক্ষ লক্ষ আধার কার্ড (Aadhaar Card) ব্যবহারকারীর জন্য সুখবর। বিনামূল্যে আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করার সময়সীমা আরও বাড়াল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, সময়সীমা এক বছর বাড়ানো হয়েছে। ব্যবহারকারীরা এখন থেকে ২০২৭ সালের ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে জন্ম তারিখ থেকে শুরু করে ঠিকানা পর্যন্ত সমস্ত তথ্য আধার কার্ডে সংশোধন করতে পারবেন।
আধার কার্ড বিনামূল্যে কোথায় আপডেট করবেন?
আধার কার্ডে তথ্য আপডেট করার জন্য তাদের শুধু ‘মাইআধার’ (myAadhaar) পোর্টালে যেতে হবে। ইউআইডিএআই (UIDAI) জানিয়েছে, এই বিশেষ সুবিধাটি শুধুমাত্র অনলাইনে, অর্থাৎ ‘মাইআধার’ পোর্টালের মাধ্যমে বিনামূল্যে পাওয়া যাবে। ব্যবহারকারীরা অনলাইনে তাদের পরিচয়পত্র এবং ঠিকানার নথি আপলোড করে আধার কার্ড আপডেট করতে পারবেন।
UIDAI কী জানিয়েছে?
UIDAI জানিয়েছে, জনসাধারণের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার পর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপুল সংখ্যক মানুষ অনলাইনে তাদের আধার আপডেট করছেন। যা প্রক্রিয়াটিকে আরও সহজ এবং দ্রুততর করে তুলছে। UIDAI গ্রাহকদের কাছে আবেদন করেছে, যারা বেশ কয়েক বছর আগে আধার কার্ড নিয়েছেন এবং এখনও প্রয়োজনীয় তথ্য দিয়ে আধার আপডেট করেননি, তারা যেন শীঘ্রই প্রয়োজনীয় নথিগুলি আপডেট করে দেন।
অ্যাপ সম্পর্কে তথ্য
এছাড়াও, ইউআইডিএআই এক্স-এ ঘোষণা করেছে, পুরানো এম-আধার অ্যাপটি শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে। ব্যবহারকারীরা এখন নতুন আধার অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। নতুন অ্যাপটিতে রয়েছে সুরক্ষিত কিউআর-ভিত্তিক আধার শেয়ারিং, গোপনীয়তা নিয়ন্ত্রণ এবং আরও সহজ ডিজিটাল অ্যাক্সেস।
কীভাবে অনলাইনে আবেদন করবেন?
- প্রথমেই myAadhaar পোর্টালে যান এবং আপনার আধার নম্বর ও মোবাইলে পাওয়া OTP দিয়ে লগইন করুন।
- লগ ইন করার পর আপনার প্রোফাইলে দেওয়া নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য যাচাই করুন।
- তথ্যটি ভুল থাকলে, অনুগ্রহ করে প্রথমে তা আপডেট করুন।
- যদি সমস্ত তথ্য সঠিক হয়, তাহলে ‘আই ভেরিফাই দ্যাট দ্য এভব ডিটেইলস আর কারেক্ট’ বিকল্পটিতে ক্লিক করুন।
- এখন ড্রপ-ডাউন মেনু থেকে আপনার পরিচয়পত্র নির্বাচন করুন।
- আপনার নির্বাচিত আইডি আপলোড করুন। ফাইলটির সাইজ অবশ্যই ২ মেগাবাইটের কম হতে হবে এবং এটি JPEG, PNG বা PDF ফরম্যাটে হতে হবে।
- এরপরে, ড্রপ-ডাউন মেনু থেকে আপনার ঠিকানার প্রমাণপত্র নির্বাচন করুন।
- এখন ঠিকানার প্রমাণপত্র আপলোড করুন, তারপর আপনার সম্মতি দিয়ে ফর্মটি জমা দিন।